ট্রেনে ঈদযাত্রার দ্বিতীয় দিন ‘স্বস্তির’
ট্রেনে ঈদযাত্রার দ্বিতীয় দিনে মোটামুটি স্বস্তিতে যাচ্ছেন যাত্রীরা।
সোমবার কমলাপুর থেকে ছেড়ে যাওয়া ট্রেনগুলোয় মোটামুটি ভিড় থাকলেও তা উপচেপড়া নয়।
সকালে দেরি করে ছাড়ায় তিনটি আন্তঃনগর ট্রেনের যাত্রীরা কিছুটা ভোগান্তিতে পড়লেও বাকি ট্রেনগুলোয় ছেড়েছে সময়মতোই।
সন্তানদের নিয়ে ঈদ করতে গ্রামের বাড়ি কিশোরগঞ্জ যাচ্ছেন ফারজানা বেগম দোলনা। রাজধানীর যাত্রাবাড়ীর এ গৃহিনী জানান, ব্যবসার কারণে স্বামী যেতে পারবেন না।
“তিনি ঈদের আগের দিন যাবেন। ছেলেমেয়ের স্কুল ছুটি হয়ে গেছে। এজন্য আগেই চলে যাচ্ছি। ঈদের আগে-পরের সময়টা আত্মীয়স্বজনের সঙ্গে কাটাতে চাই। বাচ্চারাও খুব খুশি।”
সুন্দরবন এক্সপ্রেস ট্রেনের যাত্রী আশিকুর রহমান জানান, ভিড় এড়াতে আগেই চলে যাচ্ছেন।
“ট্রেন জার্নি বরাবরই ভালো লাগে। এজন্য চেষ্টা করি ট্রেনে যাওয়ার। আজকে ভিড় কম থাকায় একটু শান্তিমতো যেতে পারছি।”
“ঈদের আগের সময় হিসাব করলে আজ ভিড় অনেক কম। যেতে কোনো ঝামেলা হবে না আশা করি। বাড়ি যাওয়াটা সব সময় অনেক আনন্দদায়ক। তবে ট্রেন দেরি করায় আনন্দ কিছুটা ম্লান হয়েছে।”
ট্রেনযাত্রীদের সকালের আনন্দযাত্রায় কিছুটা অস্বস্তি দিয়েছে তিনটি ট্রেন।
খুলনাগামী সুন্দরবন এক্সপ্রেস সকাল ৬টা ২০ মিনিটে ছাড়ার কথা থাকলেও সেটি সকাল ৭টা ২০ মিনিটে ছেড়ে যায়।
সবচেয়ে বেশি দেরি করে ছেড়েছে ঢাকা-চিলাহাটি রুটের নীলসাগর এক্সপ্রেস। সকাল ৮টার এ ট্রেনটি বেলা পৌনে ১১টায় স্টেশন ছেড়ে যায়। ৩০ মিনিট দেরি করেছে কিশোরগঞ্জ এক্সপ্রেস ট্রেন। এ ট্রেনের ছাড়ার সময় ১০টা ৩৫ মিনিট, কিন্তু ১১টা ৫ মিনিটে তা কমলাপুর ছেড়ে গেছে।
“ট্রেন ছাড়ার কথা সেই ৮টার সময়। এখন বাজে সাড়ে ১০টা। আড়াই ঘণ্টা ধরে ঠায় বসে আছি। এতক্ষণ অপেক্ষা করা খুবই কষ্টের।”
আরেক যাত্রী আফসানা সুমি জানান, ট্রেন দেরি করায় বাড়ি ফিরতে দেরি হবে তার।
“এখানে সকাল ৭টায় আসছি, এখন ১০টা বাজে। ভাবছিলাম ৪টার মধ্যে বাসায় চলে যাব। এখন তো দেরি হয়ে গেল। কখন বাসায় পৌঁছাব তার কোনো ঠিক নাই।”
সোমবার সারাদিনে কমলাপুর থেকে ৬৯টি ট্রেন ছেড়ে যাওয়ার কথা। এর মধ্যে ৩০টি আন্তঃনগর ট্রেন, তিনটি ঈদের বিশেষ ট্রেন। বাকিগুলো মেইল ও এক্সপ্রেস ট্রেন।
“গতকাল ক্যান্টনমেন্ট এলাকায় রেল ভাঙার কারণে কিছু ট্রেন বিলম্বে এসেছিল। সেই গ্যাপটা আমরা এখনও ফিলাপ করতে পারি নাই। এ কারণে নীলসাগর, সুন্দরবন ট্রেনও দেরি করেছে, তাদের যেতেও দেরি হয়েছে। তবে অন্যান্য ট্রেনগুলো ঠিক সময়ে যাচ্ছে। কোনো ধরনের সমস্যা হচ্ছে না।”
এবার ঈদের সময় প্রতিদিন সারা দেশে প্রায় ২ লাখ ৬৫ হাজার যাত্রী পরিবহন করবে রেলওয়ে। এছাড়া ২৯ অগাস্ট থেকে ১ সেপ্টেম্বর এবং ঈদের পরে ৩ সেপ্টেম্বর থেকে ৯ সেপ্টেম্বর সাত জোড়া বিশেষ ট্রেন চলাচল করবে।
