গুলশান হামলা: তদন্ত প্রতিবেদন ফের পেছাল
গুলশানের হলি আর্টিজান বেকারিতে জঙ্গি হামলার ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনের মামলায় তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার সময় আবারও বাড়ানো হয়েছে।
জঙ্গি হামলা ও অভিযানের পর লণ্ডভণ্ড হলি আর্টিজান বেকারি
আলোচিত এ মামলার তদন্ত প্রতিবেদন দেওয়ার তারিখ এ নিয়ে নবমবারের মত পেছানো হল বলে আদালত পুলিশের সাধারণ নিবন্ধন কর্মকর্তা এসআই ফরিদ মিয়া জানান।
২০১৬ সালের ১ জুলাই রাতে কূটনীতিক পাড়া গুলিশানের হলি আর্টিজান বেকারিতে হামলা চালিয়ে ১৭ বিদেশিসহ ২০ জনকে হত্যা করে জঙ্গিরা। তাদের ঠেকাতে গিয়ে দুই পুলিশ কর্মকর্তাও নিহত হন।
ওই ঘটনায় গুলশান থানায় সন্ত্রাসবিরোধী আইন, হত্যাকাণ্ড ও তথ্য গোপনের অভিযোগে তিনটি মামলা করে পুলিশ।
গুলশান হামলার বর্ষপূর্তির সময় তদন্তকারীরা বলেছিলেন, কয়েকজন সন্দেহভাজন জঙ্গি গ্রেপ্তার না হওয়ায় সন্ত্রাসবিরোধী আইনের মামলার তদন্ত আটকে আছে।
এরপর গত ৮ জুলাই চাঁপাইনবাবগঞ্জে নব্য জেএমবির অন্যতম শীর্ষ নেতা সোহেল মাহফুজ গ্রেপ্তার হওয়ার পর কাউন্টার টেররিজম ইউনিটের কর্মকর্তারা বলেন, সোহেলই গুলশান হামলার গ্রেনেড সরবরাহ করেছিলেন।
সোহেল মাহফুজ জিজ্ঞাসাবাদে ‘অনেক তথ্য দিয়েছে’ জানিয়ে গত ১৯ জুলাই ঢাকার পুলিশ কমিশনার আছাদুজ্জামান মিয়া বলেছিলেন শিগগিরই এ মামলার অভিযোগপত্র দেওয়া সম্ভব হবে বলে তারা আশা করছেন।
