২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকায় রেললাইনে ত্রুটি, ৩ ট্রেন বিলম্বিত

ঢাকার ক্যান্টনমেন্ট ও তেজগাঁও স্টেশনের মাঝামাঝি এলাকায় রেললাইন ভেঙে যাওয়ায় ঈদের আগাম টিকেটের প্রথম দিনের যাত্রার তিনটি ট্রেন বিলম্বিত হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Aug 2017, 01:35 PM

Updated : 11 Oct 2022, 02:27 PM

কমলাপুর স্টেশনের ম্যানেজার সীতাংশু চক্রবর্তী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রোববার সকাল সাড়ে ৬টার দিকে নোয়াখালী এক্সপ্রেস ঢাকা ছেড়ে যাওয়ার পর স্টাফ রোডে রেলের একটি লাইন ভেঙে যায়।

“তবে সেখানে রেলের দুটি লাইন থাকায় বিকল্প পথে ট্রেন চলাচল করছে। যত দ্রুত সম্ভব লাইন মেরামতের চেষ্টা চলছে।”

স্টেশন ম্যানেজার জানান, সকালের দিকে প্রায় সব ট্রেনই নির্ধারিত সময়ে কমলাপুর ছেড়ে গেছে। কিন্তু রেললাইনে লাইন ক্ষতিগ্রস্ত হওয়ার পর লালমনিরহাট থেকে আসা লালমনি এক্সপ্রেস র দিনাজপুর থেকে আসা একতা এবং জামালপুর থেকে আসা ব্রহ্মপুত্র এক্সপ্রেস কমলাপুরে পৌঁছাতে দেরি হয়। ফলে সেগুলো যাত্রী নিয়ে আবার ছেড়ে যেতে দেরি হয়েছে।

কোরবানির ঈদ সামনে রেখে ট্রেনের অগ্রিম টিকেট বিক্রির প্রথম দিন ১৮ অগাস্ট যারা টিকেট কিনেছিলেন, তারা রোববার ঢাকা থেকে বাড়ির পথে যাত্রা করছেন। 

এবার ঈদের সময় প্রতিদিন সারাদেশে প্রায় ২ লাখ ৬৫ হাজার যাত্রী পরিবহন করবে রেলওয়ে। এছাড়া ২৯ অগাস্ট থেকে ১ সেপ্টেম্বর এবং ঈদের পরে ৩ সেপ্টেম্বর থেকে ৯ সেপ্টেম্বর সাত জোড়া বিশেষ ট্রেন চলাচল করবে।