২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সুযোগ পেলে ‘গুরুত্বপূর্ণ’ হয়ে উঠার প্রত্যয় অটিস্টিক শিশুদের

প্রতিভা আর সৃজনশীলতা দুইই রয়েছে ওদের, বিকাশে প্রয়োজন শুধু একটু ভালবাসা, প্রতিপালন ও প্রশিক্ষণ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Aug 2017, 03:35 AM

Updated : 11 Oct 2022, 02:26 PM

শুক্রবার সমাজের ‘বিশেষ চাহিদাসম্পন্ন’ এই শিশুরা ছায়ানটের এক সঙ্গীত আসরে এসে সমস্বরে জানিয়ে গেল নিজেদের আকুতির কথা।

‘বিশেষ চাহিদাসম্পন্ন’ শিশুদের সাংস্কৃতিক বিকাশে ছায়ানটের ‘সুরের জাদু, রঙের জাদু’ কার্যক্রমের ‘আনন্দ আয়োজনে’ শিশুরা তাদের বিভিন্ন দাবি জানানোর পাশাপাশি গাইলো গান। কেউ গাইল দেশের গান, কেউবা আবার রবীন্দ্র-নজরুল।

ছায়ানটের রমেশচন্দ্র দত্ত স্মৃতি মিলনায়তনের এই অনুষ্ঠানে বিশেষ শিশুদের ‘বিশেষ যত্ন ও প্রশিক্ষণের’ উপর জোর দেওয়ার তাগিদ দেন রবীন্দ্র সঙ্গীত শিল্পী মিতা হক।

“বিশেষ শিশুরা কোন না কোন প্রতিবন্ধকতা নিয়ে জন্ম নেয়। সমাজ তাদের অবহেলা করে, তাদের সমাজের বোঝা মনে করে। এটা কোনভাবেই ঠিক নয়। কেননা যথাযথ প্রশিক্ষণ পেলে ওরা স্বাভাবিক মানুষের মতো সবকিছুই পারে।”

ছায়ানট সঙ্গীত বিদ্যায়তনের তত্ত্বাবধানে ‘বিশেষ চাহিদাসম্পন্ন’ শিশুদের জন্য ‘সুরের জাদু, রঙের জাদু’ কার্যক্রম শুরু হয় ২০০৮ সালে।

প্রতিষ্ঠাকাল থেকে ছায়ানটে বিশেষ শিশুদের জন্য কাজ করছেন ডা. লীডি হক। সঙ্গীত ও চিত্রকলার পাঠ দেন অভিজ্ঞ শিক্ষকেরা। শুরুর দিকে পড়াতেন ড. সোহানা আহমেদ ও শিল্পী আলী আক্তার শাহীন। ২০০৯ সাল থেকে গান শেখাচ্ছেন সুমন নরম্যান কাম্পু। ছবি আঁকা শেখানোর দায়িত্বে আছেন শিল্পী লুবনা ইয়াসমীন বীথি এবং চারুকলার শিক্ষার্থী লায়লা ফজল হীরা। 

অনুষ্ঠানে লীডি হক বলেন, সঙ্গীত ও চিত্রকলার মাধ্যমে বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের ‘বিনোদন ও বিকাশ’ ছায়ানটের এ কার্যক্রমের লক্ষ্য।

“অটিস্টিক শিশুর মনোজগতের উন্নয়নে ৭০ বছরেরও বেশি সময় ধরে নানা দেশে সঙ্গীত ও শিল্পকলা এক ধরনের চিকিৎসা পদ্ধতি হিসেবে কাজ করছে। সঙ্গীত ও শিল্পকলা অস্থিরতা কমাতে পারে, মনোযোগ বাড়াতে পারে। সংবেদনশীলতার সমস্যারও উন্নয়ন ঘটাতে পারে।”

ছড়া ও গানের মাধ্যমে বিশেষ চাহিদাসম্পন্ন এই শিশুদের কেউ কেউ কথা বলতে শিখেছে এমন তথ্য তুলে ধরে লীডি বলেন, সঙ্গীত ও চিত্রকলার মধ্য দিয়ে নিজের পছন্দ ও চাহিদা প্রকাশ করছে কেউ কেউ।

“প্রতি সপ্তাহে মঙ্গলবার বিশেষ শিশুদের চিত্রাঙ্কন ও সঙ্গীত শেখানো হয়। সুরের ভেতর দিয়ে, রঙ-তুলির মধ্য দিয়ে তারা ধীরে ধীরে কথা বলতে শেখে। তাদের বুদ্ধিরও বিকাশ হয়। পাশপাশি তারা গান ও ছবি আঁকা শেখে।”

আলোচনা শেষে ছিল সাংস্কৃতিক পরিবেশনা। সুমন নরম্যান কাম্পুর পরিচালনায় মঞ্চে উঠে একদল অটিস্টিক শিশু-কিশোর। শুরুতেই তারা সমবেত কণ্ঠে গেয়ে শোনায় ‘বাঁধ ভেঙে দাও’ এবং ‘ব্যর্থ প্রাণের আর্বজনা পুড়িয়ে ফেল’ গান দুটি।

দলীয় পরিবেশনা শেষে মঞ্চে উঠে কিশোর তিখন। ‘গ্রাম ছাড়া ওই রাঙামাটির পথ’ গানটি গেয়ে শোনায় সে। এরপর আবারও একক সঙ্গীত। শিশু আদিত্য পরিবেশন করে দুটি গান। তানভীর গেয়ে শোনায় ‘আমরা সবাই রাজা’। অনুষ্ঠানে অনুপস্থিত বন্ধু নিশা ও ফাইজার উদ্দেশ্যে বিশেষ শিশুরা গেয়ে শোনায় ‘লাল ঝুঁটি, কাকাতুয়া ধরেছে যে বায়না’।

অনুষ্ঠানে সমবেত কণ্ঠে শিশু-কিশোরা গেয়ে শোনায় ‘জয় বাংলা বাংলার জয়’, ‘সকাতরে ওই কাঁদিছে সকলে’ ‘প্রজাপতি প্রজাপতি’, ‘চল্ চল্ চল্ চল্’ ইত্যাদি গান। একক কণ্ঠে গেয়ে শোনায় অহনা, আজিমুশান, হিরক, জারিফ, সৈকত, সাবাব, মারজুক, রায়হান, অনন্ত, দুরন্ত ও আদিল।

শিশু-কিশোরদের সমবেত কণ্ঠে জাতীয় সঙ্গীত পরিবেশনার মাধ্যমে শেষ হয় এদিনের অনুষ্ঠান।