২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বেতাগীতে সহকর্মী ধর্ষণের বিচার দাবি শিক্ষকদের

বরগুনার বেতাগীতে বিদ্যালয়ের ভেতরে দলবেঁধে এক সহকর্মীকে ধর্ষণের বিচারের দাবি জানিয়ে মানববন্ধন করেছেন শিক্ষকরা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Aug 2017, 08:22 PM

Updated : 19 Aug 2022, 05:21 PM

বৃহস্পতিবার জাতীয় প্রেস ক্লাবের সামনে বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতি এ কর্মসূচি পালন করে।

সমাবেশে সংগঠনের সভাপতি মোহাম্মদ শামছুদ্দীন আগামী ২৮ অগাস্টের মধ্যে ‘ধর্ষণকারী’ সুমন মিয়াজীসহ অন্য আসামিদের গ্রেপ্তার দাবি করেন।

তা না হলে সারাদেশের প্রাথমিক বিদ্যালয়গুলোতে আগামী ২৯ অগাস্ট থেকে প্রতিদিন সকাল ১০টা থেকে ১১টা পযন্ত একঘণ্টা কর্মবিরতি পালন করা হবে বলে জানান তিনি।

সংগঠনের সাধারণ সম্পাদক সাবেরা বেগম বলেন, “মানুষ গড়ার কারিগর আজ ধর্ষিত হয়, আমরা কি আসলে সভ্য জাতিতে পরিণত হতে পেরেছি?

“সবাইকে এই ধর্ষণের বিরুদ্ধে আন্দোলন করতে হবে। আজ যদি আমরা সোচ্চার না হই তাহলে এই ধরনের অত্যাচারীরা আরও বেশি পরিমাণ অত্যাচার করে চলবে।”

বেতাগীর আসামি সুমন এর আগে একই ধরনের ঘটনা ঘটিয়ে পার পেয়ে যাওয়ায় আবার ধর্ষণের সাহস পেয়েছে বলে দাবি করেন তিনি।

শিক্ষিকা সাবেরা বলেন, “আমরা এখন আতঙ্কে আছি, নিজেরা কখন এই ধরনের অত্যাচারের মধ্যে পড়ে যাই। এই জন্য আমরা সরকারের কাছে সর্বত্র নিরাপত্তা চাই।”

গত ১৮ অগাস্ট বেতাগীর প্রাথমিক বিদ্যালয়টিতে স্বামীকে আটকে রেখে ওই শিক্ষিকাকে ধর্ষণ করা হয়েছিল।ছয়জনকে আসামি করে তিনি মামলা করেছেন।

শিক্ষক সমিতির সহ-সভাপতি জয়শ্রী সাহা বলেন, “ওই শিক্ষিকার ধর্ষণের বিষয়ে মেডিকেল যে রিপোর্ট দিয়েছে, এতে নাকি ধর্ষণের প্রমাণ পাওয়া যায়নি। আমরা মনে করি এই ঘটনায় ভুয়া রিপোর্ট দেওয়া হয়েছে। এই ধরণের পাশবিক ঘটনায় ক্ষেত্রে ভুয়া রিপোর্ট দেওয়ার সাথে যারা জড়িত তাদের সবাইকে আইনের আওতায় আনা হোক।”

মানববন্ধনে প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির সহ-সভাপতি সোয়েব তানভীর, সহ সাংগঠনিক সম্পাদক লুৎফর রহমান শামীম প্রমুখ বক্তব্য রাখেন।

পুরনো খবর:

বরগুনার স্কুলে শিক্ষিকাকে দলবেঁধে ধর্ষণের অভিযোগ
বরগুনায় স্কুল শিক্ষিকা ধর্ষণের এক আসামি গ্রেপ্তার