‘সালোয়ার-গেঞ্জির নোটিস’ কীভাবে এল: তদন্তে সুফিয়া কামাল হলে কমিটি
সালোয়ারের উপর গেঞ্জি পরায় ‘নিষেধাজ্ঞার’ কোনো নোটিস হল কর্তৃপক্ষ দেয়নি দাবি করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কবি সুফিয়া কামাল হলের প্রাধ্যক্ষ বলেছেন, কারা এটা করেছে, তা তদন্ত করছেন তারা।
প্রাধ্যক্ষ সাবিতা রিজওয়ানা রহমান বলছেন, কেউ ‘উদ্দেশ্য প্রণোদিতভাবে’ হল প্রশাসনের নামে এই ধরনের নোটিস দিয়ে পরিস্থিতি জটিল করতে চাইছেন।
এদিকে প্রাধ্যক্ষ অস্বীকার করলেও হলটির ছাত্রীরা প্রশ্ন করছেন, প্রশাসন নোটিসটি না দিলে কীভাবে তা হলের নোটিস বোর্ডে উঠেছিল?
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী হলটির নোটিস বোর্ডে ঝুলন্ত একটি নোটিসের ছবি বুধবার ইন্টারনেটে ছড়িয়ে পড়ে এবং তা নিয়ে ব্যাপক সমালোচনা হয় হল কর্তৃপক্ষের বিরুদ্ধে।
সাদা কাগজে কম্পোজ করা নোটিসটিতে লেখা ছিল- “হলের অভ্যন্তরে দিনের বেলা ও রাতের বেলা কখনোই অশালীন পোশাক (সালোয়ারের ওপর গেঞ্জি) পড়ে ঘোরাফেরা করা অথবা হল অফিসে কোনো কাজের জন্য প্রবেশ করা যাবে না। অন্যথায় শৃঙ্খলা ভঙ্গের জন্য কর্তৃপক্ষ বিধি মোতাবেক ব্যবস্থা নিবে।…আদেশক্রমে হল কর্তৃপক্ষ।”
ব্যাপক সমালোচনার পর বৃহস্পতিবার দুপুরে ওই নোটিসটি নোটিস বোর্ড থেকে সরিয়ে নেওয়া হয় এবং সেখানে একইভাবে সাদা কাগজে কম্পোজ করা আরেকটি নোটিস সাঁটানো দেখা যায়।
নতুন নোটিসের ভাষা এমন- “ছাত্রীদের কক্ষ, বারান্দা, বাথরুম ও ব্যক্তিগত এলাকা ব্যতিত অত্র অফিস এলাকায়/হল অফিসে কোনো কাজের জন্য যথাযথ পোশাক পরে আসতে হবে। হলের ভাবমূর্তি রক্ষার দায়িত্ব সকলের।…আদেশক্রমে হল কর্তৃপক্ষ।”
প্রথম নোটিসটি অস্বীকার করে বৃহস্পতিবার বিকালে হলের প্রাধ্যক্ষ সাবিতা রিজওয়ানা স্বাক্ষরিত এক বিবৃতিতে বলা হয়, “অত্র হলের মেয়েদের পোশাক পরিধান সংক্রান্ত একটি বিকৃত ও উদ্দেশ্যপ্রণোদিত নোটিস অনলাইনভিত্তিক বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ সাইটে ছড়িয়ে দেওয়া হয়েছে। উক্ত বিকৃত নোটিসটি হল কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত নয়।”
এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে জানান প্রাধ্যক্ষ।
সমালোচনার পর দেখা যায় এই নোটিস
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকেও বলেন, “আমরা সালোয়ার-গেঞ্জি নিয়ে কোনো নোটিস দিইনি। কে বা কারা যে দিল, সেটি খুঁজে বের করতেই তদন্ত কমিটি গঠন করা হয়েছে।”
একই আঙ্গিকে দেওয়া নতুন নোটিসে ‘যথাযথ পোশাক’ বলতে কী বোঝানো হয়েছে- জানতে চাইলে তিনি বলেন, “এটি আমার হলের প্রাইভেট বিষয়, যা নিয়ে আমি আলোচনা করতে চাই না।”
তবে হলের আবাসিক শিক্ষক মনিকা চক্রবর্তী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “অনেক সময় মেয়েরা এত ক্যাজুয়ালি ঘোরাফেরা করে যে খুবই দৃষ্টিকটূ। হলের অফিসে পুরুষ স্টাফ ও অভিভাবকেরা থাকেন, এক্ষেত্রে নারীর নিজের কাছে অসম্মানজনক পোশাক না পরাই শ্রেয়।
“হলে শালীনতা বজায় রাখা আমাদের উদ্দেশ্য। হলের মেয়েরা দৃষ্টিকটূ পোশাক পরুক, তা আমরা চাইতে পারি না।”
হলের শিক্ষার্থীরা বলছেন, আগের নোটিসটিও কর্তৃপক্ষই দিয়েছিল, সমালোচনার মুখে এখন অস্বীকার করছে।
প্রাধ্যক্ষের বক্তব্যের প্রতিক্রিয়ায় এক ছাত্রী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সালোয়ার-গেঞ্জি নিয়ে দেওয়া নোটিসটি যদি উদ্দেশ্যপ্রণোদিতই হত তাহলে তা কীভাবে আজ (বৃহস্পতিবার) বেলা ১২টা পর্যন্ত নোটিস বোর্ডে ঝুলে ছিল।
“এছাড়াও কাল (বুধবার) সুফিয়া কামাল হলের শিক্ষার্থীদের গ্রুপে প্রাধ্যক্ষকে ট্যাগ করে পোস্ট দিয়েছিল মেয়েরা, তিনি কিন্তু তখন চুপ ছিলেন।”
এই শিক্ষার্থী আরও বলেন, “এক ছাত্রী সালোয়ার-গেঞ্জি পড়ে হল অফিসে গেলে শিক্ষকরা তাকে পোশাকের জন্য বকাঝকা করে। এরপরই নোটিস বোর্ডে সালোয়ার-গেঞ্জি পরায় নিষেধাজ্ঞা জানিয়ে নোটিস দেওয়া হয়।”
এ বিষয়ে জানতে চাইলে মন্তব্য করতে অস্বীকৃতি জানান হল হল প্রাধ্যক্ষ সাবিতা রিজওয়ানা।
এদিকে সুফিয়া কামাল হল ছাত্রলীগের সভাপতি ইফফাত জাহান ইশা পুরো ঘটনাটি ‘ষড়যন্ত্র’ বলে দাবি করেছেন।
প্রাধ্যক্ষে পক্ষে দাঁড়িয়ে নিজের ফেইসবুক পাতায় ইফফাত লিখেছেন, “এই হলের বিরুদ্ধে যে সকল ষড়যন্ত্র চলছে এবং নিজ দায়িত্বে নোটিশ বদলে দিয়ে নিজেদের মন গড়া নোটিশ দিয়ে হলে ঝামেলা বাধানোর চেষ্টা করছে এবং নোটিশ বদলে বিকৃত নোটিশ দেয়ার তীব্র নিন্দা জানাই।”
