কামরাঙ্গীরচরে ঘরের ভেতর দম্পতির লাশ
রাজধানীর কামরাঙ্গীরচরে একটি টিনশেড ঘর থেকে স্বামী-স্ত্রীর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।
রনি মার্কেট নামের বিপণী বিতানের পাশে হানিফ মিয়ার টিনশেড বাড়ির একটি কক্ষে ফ্যানে ঝুলন্ত মো. জুয়েলের (২২) এবং খাটের ওপর তার স্ত্রী রিক্তা আক্তারের (২০) লাশ পাওয়া যায়।
স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে বৃহস্পতিবার বিকালে লাশ দুটি উদ্ধার করে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয় বলে কামরাঙ্গীরচর থানার ওসি মো. শাহিন ফকির জানিয়েছেন।
প্রতিবেশিদের বরাত দিয়ে ওসি বলেন, “তাদের দুই বছরের বিবাহিত জীবন। দেড় মাস আগে তারা বাসাটি ভাড়া নিয়েছিলেন।
দুজনই ওই এলাকায় একটি পোশাক কারখানায় কাজ করতেন।
“স্ত্রীকে শ্বাসরোধে হত্যার পর জুয়েল আত্মহত্যা করেছেন বলে ধারনা করছি।”
তাদের গ্রামের বাড়ি ফরিদপুরের নগরকান্দায় বলে জানান তিনি।
