ময়নাতদন্ত হবে সোহরাওয়ার্দী মেডিকেলেও
রাজধানীর ঢাকা মেডিকেল কলেজ ও স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের পর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজে অস্বাভাবিক মৃত্যুর লাশের ময়নাতদন্ত কার্যক্রম চালু হতে যাচ্ছে।
এ বিষয়ে ইতোমধ্যে স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে অনুমোদন পাওয়া গেছে বলে জানিয়েছেন কলেজটির অধ্যক্ষ এবিএম মাকসুদুল আলম।
তিনি রোববার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সংশ্লিষ্ট কয়েকটি মন্ত্রণালয়কে বিষয়টি অবহিত করা হয়েছে। ঢাকার কোন কোন থানা এলাকা থেকে ময়নাতদন্তের জন্য মৃতদেহ এখানে পাঠানো হবে তা ঠিক করার জন্য খুব শিগগিরই ঢাকা মহানগর পুলিশ কমিশনারের সঙ্গে কথা বলবেন তারা।
আগামী সেপ্টেম্বরের মাঝামাঝি ময়নাতদন্ত কার্যক্রম উদ্বোধনের পরিকল্পনার কথা জানান তিনি।
অধ্যক্ষ বলেন, তাদের কলেজে শিক্ষার্থীদের ব্যবহারের জন্য বর্তমানে মৃতদেহ রাখার ১২টি ‘আধুনিক’ ফ্রিজ রয়েছে। ময়নাতদন্ত কার্যক্রম চালু হলে এ সংখ্যা আরও বাড়াতে হবে।
সোহরাওয়ার্দী মেডিকেল কলেজে ময়নাতদন্ত কার্যক্রমকে স্বাগত জানাচ্ছেন ঢাকা মেডিকেল কলেজের ফরেনসিক বিভাগের প্রধান সহযোগী অধ্যাপক সোহেল মাহমুদ।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এতে জনগণের উপকারের পাশাপাশি তাদের উপর চাপ অনেকটা কমবে।
এদিকে ১৫ অগাস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে রোববার সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে আয়োজিত এক সভায় প্রধান অতিথি স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেন, এই হাসপাতালের উন্নয়নের জন্য ২৩৪ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে।
আগামী মাস থেকে ছয়তলা ও দশতলা ভবন নির্মাণের মাধ্যমে উন্নয়ন কার্যক্রম শুরু হবে।
শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক অধ্যাপক উত্তম কুমার বড়ুয়ার সভাপতিত্বে এই কর্মসূচি পালিত হয়।
