চাঁদাবাজির মামলায় আসামি ৮ বছরের শিশু, ওসিকে শোকজ
চাঁদা দাবি ও মারধরের একটি মামলায় আট বছরের এক শিশুকে আসামি করায় ধামরাই থানার ওসিকে কারণ দর্শাতে বলেছে ঢাকার একটি আদালত।
রিফাত নামের ওই শিশু ধামরাইয়ের সুয়াপুর প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্র।
রোববার আদালতে হাজির হয়ে জামিন চাইলে ঢাকার জ্যেষ্ঠ বিচারিক হাকিম আফসানা আবেদীন ওসিকে কারণ দর্শানোর আদেশ দেন। পাশাপাশি ছেলেটিকে শিশু আদালত থেকে জামিন নিতে বলেন।
এ আদালতে রাষ্ট্রপক্ষের আইনজীবী আনোয়ারুল কবীর বাবুল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আসামির বয়স যাচাই-বাছাই ছাড়াই কেন মামলা নেওয়া হয়েছে, তা আগামী পাঁচ দিনের মধ্যে জানাতে ওসিকে নির্দেশ দিয়েছে আদালত।
রিফাতের বাবা মো. পান্নু পান্নু মিয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমার ছেলে তৃতীয় শ্রেণিতে পড়ে। তার বয়স মাত্র আট বছর। আগের শত্রুতার জের ধরে তাকে চাঁদা দাবির মামলায় আসামি করা হয়েছে।”
এস এম সোহেল মাহমুদ নামে এক ব্যক্তির দায়ের করা ওই মামলায় রিফাতের বয়স দেখানো হয়েছে ১৮ বছর।
গত ৪ অগাস্ট দায়ের করা মামলায় বলা হয়, গত ২৯ জুলাই আসামিরা সুয়াপুর ইউনিয়নের চেয়ারম্যানের সঙ্গে বৈঠক করেন। তারা চেয়ারম্যানকে বলেন- “আমরা চালক লীগের অফিস নিয়েছি। সুয়াপুর থেকে শ্রীরামপুরে যেসব সিএনজি চলাচল করবে তাদের কাছ থেকে সিএনজিপ্রতি ১০০ টাকা করে আদায়ের সিদ্ধান্ত নিয়েছি।”
চেয়ারম্যান তার সিদ্ধান্ত জানাতে আসামিদের কাছ থেকে তিন দিন সময় নেন জানিয়ে মামলায় বলা হয়, “গত ১ অগাস্ট আসামিরা বাদীর লোকজনকে হত্যা করতে লোহার রড দিয়ে হামলা চালান। এতে অনেকে গুরুতর আহত হন।”
