সাভারে ফেনসিডিলসহ যুব মহিলা লীগ নেত্রী গ্রেপ্তার
সাভারের আশুলিয়ায় ১৬ বোতল ফেনসিডিলসহ যুব মহিলা লীগের এক নেত্রীকে গ্রেপ্তারের কথা জানিয়েছে গোয়েন্দা পুলিশ।
গ্রেপ্তার নাজমুন নাহার কাজল আশুলিয়া থানা যুব মহিলা লীগের আহ্বায়ক।
ঢাকা জেলা গোয়েন্দা পুলিশের এসআই মনিরুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আশুলিয়ার গাজীরচট এলাকার বাসিন্দা কাজলের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার অভিযোগ রয়েছে। রোববার রাত সাড়ে ১০টার দিকে তার বাসায় অভিযান চালানো হয়।
“এসময় তল্লাশি চালিয়ে তার বাসা থেকে বিক্রির উদ্দেশ্যে রাখা ১৬ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। পরে তাকে আটক করা হয়।”
কাজলের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হবে বলে জানান পুলিশ কর্মকর্তা মনিরুজ্জামান।
