২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাস ট্রাক লরির অবৈধ দখলে অতীশ দীপঙ্কর সড়ক

রাজধানীর মুগদা থেকে সায়েদাবাদের পথে অতীশ দীপঙ্কর সড়কের বড় একটি অংশ অবৈধভাবে দাঁড় করিয়ে রাখা বাস, ট্রাক আর লরির দখলে থাকায় প্রতিদিন যানজটে ভুগতে হচ্ছে চলতি পথের যাত্রীদের।  

ওবায়দুর মাসুম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Aug 2017, 12:32 PM

Updated : 11 Oct 2022, 02:22 PM

দিনের বেলায় ঢাকায় দূরপাল্লার যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা থাকলেও ওই সড়কের গোলাপবাগ, মুগদা ও মানিকনগর অংশে রাস্তার পাশে গড়ে ওঠা বিভিন্ন পরিবহন কোম্পানির কাউন্টার থেকে দিনভর বাস যাতায়াত করছে।

সায়েদাবাদ বাস টার্মিনালের বাইরে এসব কাউন্টার খোলা হয়েছে সিটি করপোরেশন বা পুলিশের ট্রাফিক বিভাগের অনুমতি ছাড়াই। প্রতিটি কাউন্টারের সামনের ফুটপাত ও সড়কের এক থেকে দুটি লেন দিনভর বাসের দখলে থাকছে।

কমলাপুর আইসিডিতে আসা কন্টেইনারবাহী লরি ও ট্রেইলারও রাখা হচ্ছে সড়কের একটি পাশ দখল করে। ফলে খিলগাঁও ফ্লাইওভার থেকে নেমে বাসাবো পেরিয়ে মুগদার দিকে যেতেই যানজটের মুখোমুখি হতে হচ্ছে।

Image
সড়কের দুই লেন দখল করে রাখা বাসে রাজধানীতে চলাচলকারী যানবাহনের রাস্তা হয়ে পড়ছে সীমিত, লাগছে জট

সড়কের দুই লেন দখল করে রাখা বাসে রাজধানীতে চলাচলকারী যানবাহনের রাস্তা হয়ে পড়ছে সীমিত, লাগছে জট

Image
একসঙ্গে দুটি বাস রাখায় সড়কে অর্ধেক অংশই দখল হয়ে পড়েছে দূরপাল্লার থেমে থাকা বাসে

একসঙ্গে দুটি বাস রাখায় সড়কে অর্ধেক অংশই দখল হয়ে পড়েছে দূরপাল্লার থেমে থাকা বাসে

গত সোমবার মুগদা থেকে গোলাপবাগ পর্যন্ত অতীশ দীপঙ্কর সড়কের দেড় কিলোমিটার অংশ ঘুরে দেখা যায়, এনা পরিবহনের চারটি, হিমাচল পরিবহনের চারটি, শ্যামলী পরিবহনের তিনটি, একুশে পরিবহনের তিনটি, ড্রিম লাইনের দুটি, ঢাকা এক্সপ্রেসের দুটি, কে কে ট্রাভেলসের দুটি, ইউনিক পরিবহনের দুটি, রয়েল কোচের দুটি, স্টার লাইনের দুটি, মুন লাইনের দুটি করে কাউন্টার রয়েছে।

হিমালয়, ইকোনো সার্ভিস, টিআর ট্রাভেলস, সেবা ট্রান্সপোর্ট, আল বারাকা, সেবা গ্রিনলাইন, গ্রিন লাইন, দরবার পরিবহন, নিউ সাফা পরিবহন, সৈকত পরিবহন, কনক পরিবহন, অনন্যা সুপার, হানিফ পরিবহন ও যাতায়াত পরিবহনের একটি করে কাউন্টার রয়েছে সড়কের এই অংশে।

এসব পরিবহনের কয়েকটির নিজস্ব ডিপো থাকলেও তাতে বাস রাখা যায় মাত্র কয়েকটি। ফলে অধিকাংশ বাস কাউন্টারের সামনে রাস্তার ওপরই থাকে। তাতে সড়কের একটি লেনে আর চলাচলের সুযোগ থাকে না। কোথাও কোথাও দুই সারিতেও বাস দাঁড় করিয়ে রাখা দেখা যায়। 

মানিকনগর সিগন্যাল থেকে বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল স্টেডিয়াম সিগন্যাল পর্যন্ত সড়কের পাশে ফুটপাতের বেশিরভাগ অংশে বাস রাখায় পায়ে হেঁটে চলারও উপায় নেই।

তার ওপর আবার কিছুক্ষণ পরপরই মনোয়ারা হাসপাতাল, স্টেডিয়াম, কমলাপুর আইসিডি ও আইডিয়াল স্কুলের সামনে বাস ঘোরানো হচ্ছে। ফলে সড়কের দুই দিক থেকে আসা যানবাহন থমকে গিয়ে সৃষ্টি হচ্ছে জট।

Image
রাস্তার পাশে দাঁড় করিয়ে মেরামত করা হচ্ছে ট্রাক ও কার্গো, এতেও লাগছে যানজট

রাস্তার পাশে দাঁড় করিয়ে মেরামত করা হচ্ছে ট্রাক ও কার্গো, এতেও লাগছে যানজট

Image
দিনের বেলায় অতীশ দীপঙ্কর সড়কে দাঁড় করিয়ে কার্গোতে উঠানামা হচ্ছে মালামাল, হচ্ছে যানজট

দিনের বেলায় অতীশ দীপঙ্কর সড়কে দাঁড় করিয়ে কার্গোতে উঠানামা হচ্ছে মালামাল, হচ্ছে যানজট

সোমবার বিকেলে এনা পরিবহনের দুটি বাসকে স্টেডিয়াম সিগন্যাল থেকে মুগদার দিকে উল্টো দিকে যেতে দেখা যায়। দুই চালকের উদ্দেশ্য ছিল তাদের বাসকে মুগদার শান্ত রিফুয়েলিং স্টেশন পর্যন্ত নেওয়া। ঘুরে আসার কষ্ট না করে তারা উল্টো দিকেই চালিয়ে দিয়েছেন। 

কমলাপুর আইসিডি থেকে মুগদা আইডিয়াল স্কুল পর্যন্ত সড়কের দুপাশে দেখা যায় অসংখ্য ট্রাক আর লরি থামিয়ে রাখা হয়েছে। কোনো কোনো ট্রাক থেকে মালামাল ওঠানামার কাজ হচ্ছে। বিকল হওয়া ট্রাকও রাস্তায় রেখে মেরামত করতে দেখা গেল।

অবৈধভাবে বাস-ট্রাক রাখায় চওড়া সড়কটি মানুষ ব্যবহার করতে পারছে না বলে অভিযোগ করেন বাসাবোর বাসিন্দা গোলাম কিবরিয়া।

তিনি বলেন, বাসাবো, মুগদা, মাদারটেক ও মানিকনগরের বাসিন্দাদের মতিঝিল বা নগরীর পশ্চিমাংশে যেতে হয় এ সড়ক দিয়েই। সায়েদাবাদ থেকে নগরীর উত্তর অংশে যাওয়ারও প্রধান সড়ক এটি। কিন্তু বাস রেখে দেওয়ায় সকাল বিকাল যানজট লেগে থাকে। ওইটুকু রাস্তা এক ঘণ্টায়ও পার হওয়া যায় না।

বাস মালিকরা প্রভাবশালী হওয়ায় তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না বলে অভিযোগ করেন কিবরিয়া।

মুগদা এলাকায় অটোরিকশা চালক আবুল কাশেম বলেন, “এই গাড়িগুলি আইসাই সড়কে তেরছা কইরা রাখে। মাথা থাকে একখানে, পাছা থাকে একখানে। পিছনের গাড়ি যাইতে পারে না।”

ফুটপাত-সড়ক দখল করে যানবাহন রাখায় যাত্রীদের পাশাপাশি স্থানীয় বাসিন্দাদেরও দুর্ভোগ পোহাতে হচ্ছে বলে জানান উত্তর গোলাপবাগের বাসিন্দা শুকলেশ্বর বাবু।

Image
পুরো সড়ক দখল করে ইউ টার্ন নিচ্ছে স্টার লাইন পরিবহনের বাস, যাতে সড়কের দুই পাশেই লাগছে যানবাহনের জট

পুরো সড়ক দখল করে ইউ টার্ন নিচ্ছে স্টার লাইন পরিবহনের বাস, যাতে সড়কের দুই পাশেই লাগছে যানবাহনের জট

Image
ইউ টার্নের কারণে দখলে দুই পাশের পুরো সড়ক; দিনভর অসংখ্যবার দূরপাল্লার বাসের এমন ইউ টার্নে থেমে যেতে হয় এ রাস্তায় চলাচলকারী যানবাহনকে।

ইউ টার্নের কারণে দখলে দুই পাশের পুরো সড়ক; দিনভর অসংখ্যবার দূরপাল্লার বাসের এমন ইউ টার্নে থেমে যেতে হয় এ রাস্তায় চলাচলকারী যানবাহনকে।

“এই রোডে এমনিতেই প্রচুর গাড়ি চলে। তারপর আবার এতগুলা পরিবহনের কাউন্টার, হেরা রাস্তায় গাড়ি রাইখা দেয়, রাস্তায় গাড়ি ঘোরায়। দিনের বেলা জ্যাম অনেক সময় ফ্লাইওভার পর্যন্ত চইলা যায়। রাতে ট্রাক ঢুকলে তো অবস্থা আরও খারাপ হয়।”

স্টার লাইন পরিবহনের ব্যবস্থাপক নাসির আহমেদের দাবি, সায়েদাবাদ টার্মিনালে জায়গা হয় না বলেই তারা সড়কে কাউন্টার করতে বাধ্য হয়েছেন।

তাদের বাসের কারণে সড়কে যানজট হয় না দাবি করে নাসির বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “টার্মিনালে পরিবেশ ভালো না বলে যাত্রীরাও সেখানে যেতে চায় না। এ কারণে আমরা বাইরে কাউন্টার করেছি, গাড়িগুলো এখান থেকে ছাড়ি।”

তবে সায়েদাবাদ টার্মিনালে জায়গা না থাকার অভিযোগ অস্বীকার করছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) টার্মিনাল মহাব্যবস্থাপক নিতাই চন্দ্র সেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “টার্মিনালে গাড়ি রাখার জায়গা নেই কথাটি ঠিক নয়। এখনও যে পরিমাণ জায়গা আছে তাতে সেখানে আরও এক হাজার বাস ঢোকানো সম্ভব। কাউন্টার করতে চাইলে তাও করা সম্ভব।”

সড়কের পাশে পরিবহনের কাউন্টার করার জন্য ডিএসসিসি থেকে কোনো অনুমতি নেওয়া হয়নি বলেও জানান তিনি।

দূরপাল্লার বাসের কারণে ওই সড়কে যানবাহন চলাচল ব্যাহত হচ্ছে জানিয়ে ঢাকা মহানগর পুলিশের উপ-কমিশনার (ট্রাফিক, পূর্ব) মোহাম্মদ মইনুল হাসান বলেন, যাত্রী চাহিদা থাকায় রাস্তার পাশে কাউন্টার বানানো হলেও সেগুলোর অনুমোদন নেই।

Image
রাস্তার সঙ্গে সঙ্গে দূরপাল্লার বাসের দখলে পথচারীদের ফুটপাতও

রাস্তার সঙ্গে সঙ্গে দূরপাল্লার বাসের দখলে পথচারীদের ফুটপাতও

Image
দখলে পথচারীদের ফুটপাত

দখলে পথচারীদের ফুটপাত

“এদের কারণে যান চলাচল বাধাগ্রস্ত হলে আমরা ব্যবস্থা নেই। সড়কে একটা গাড়ি রাখলে আমরা কিছু বলি না। তবে কখনো যদি ডাবল লেইন করে, আমরা মামলা দিই। প্রয়োজন পড়লে রেকারিং করি।”

কাউন্টারগুলো দেখার দায়িত্ব সিটি করপোরেশনের। তারা চাইলে এগুলো উচ্ছেদে ব্যবস্থা নিতে পারে বলে মন্তব্য করেন ট্রাফিক পুলিশের এই কর্মকর্তা।

অন্যদিকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র মোহাম্মদ সাঈদ খোকন বলছেন, ট্রাফিক পুলিশ সতর্ক হলে ওই সড়কে যানজট কম হত।

কাউন্টার উচ্ছেদে ব্যবস্থা নেওয়া হবে জানিয়ে তিনি বলেন, “আমরা সামনের সপ্তাহে একটা দিন দেখে এগুলো উচ্ছেদ করে দেব।”