বঙ্গবন্ধুর খুনিদের ফিরিয়ে আনতে জোর তৎপরতা চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হত্যাকাণ্ডে দণ্ডপ্রাপ্ত পলাতকদের দেশে ফিরিয়ে আনতে ‘জোর কূটনৈতিক তৎপরতা’ চলছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।
মঙ্গলবার জাতীয় শোক দিবসের প্রস্তুতিমূলক আইন-শৃঙ্খলা বিষয়ক বৈঠক শেষে তিনি বলেন, “এ ব্যাপারে আইন মন্ত্রণালয়ের একটি কমিটি আছে। আমি ওই কমিটির সদস্য, পররাষ্ট্রমন্ত্রীসহ আরও কয়েকজন সদস্য আছেন।”
বিদেশে পালিয়ে থাকা খুনিদের ফিরিয়ে আনতে ওই কমিটি কাজ করছে জানিয়ে মন্ত্রী বলেন, “খুনিরা কে কোথায় আছে তা চিহ্নিত হয়েছে। তাদের ফেরত আনতে জোর কূটনৈতিক তৎপরতা চলছে।”
বঙ্গবন্ধু হত্যা মামলায় ফাঁসির দণ্ড পাওয়া নূর চৌধুরীসহ মৃত্যুদণ্ডে দণ্ডিত ছয়জন বিদেশে পালিয়ে আছেন। এরমধ্যে নূর চৌধুরী কানাডায় এবং আরেক খুনি রাশেদ চৌধুরীর যুক্তরাষ্ট্রে অবস্থানের খবর সরকারের জানা আছে বলে এর আগে কয়েকজন মন্ত্রী জানিয়েছেন।
তাদের ফিরিয়ে এনে দণ্ড কার্যকরের দাবি রয়েছে। আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকারের পক্ষ থেকে প্রচেষ্টা চালানোর কথাও বলা হচ্ছে।
আগামী ১৫ অগাস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে রাজধানীর বনানী কবরস্থান ও ধানমন্ডি এবং টুঙ্গীপাড়ায় ‘বিশেষ নিরাপত্তা’ ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী।
এর আগে গত ১৮ জুলাই শোক দিবসের নিরাপত্তা বিষয়ে প্রথম বৈঠক হয়। ওই বৈঠকে নেওয়া সিদ্ধান্তের অগ্রগতি পর্যালোচনা করা হয় এদিনের বৈঠকে।
আসাদুজ্জামান কামাল বলেন, বিদ্যুৎ বিভাগ, ফায়ার সার্ভিস ও আইন-শৃঙ্খলা বাহিনী কার কী দায়িত্ব তা নিয়ে ফলোআপ বৈঠকে আলোচনা হয়েছে।
বনানী কবরস্থান, ধানমন্ডি ৩২ নম্বর ও টুঙ্গীপাড়ায় বিভিন্ন স্থানে প্রয়োজন অনুযায়ী ক্লোজড সার্কিট ক্যামেরা (সিসি ক্যামেরা) স্থাপনের মাধ্যমে নিরাপত্তা বাহিনী নিরাপত্তা নিশ্চিত করবে বলে জানান তিনি।
পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হকসহ বিভিন্ন নিরাপত্তা বাহিনী ও গোয়েন্দা সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা বৈঠকে অংশ নেন।
