দুদকের হটলাইনে লাখ ফোন, অভিযোগ মাত্র ২৭৫
ফোনে দুর্নীতি সংক্রান্ত অভিযোগ পেতে ১২ দিন আগে দুর্নীতি দমন কমিশন (দুদক) যে ‘হটলাইন-১০৬’ চালু করেছে তাতে লাখো মানুষ ফোন করলেও মাত্র ২৭৫টি অভিযোগ নথিভুক্ত হয়েছে।
এসব অভিযোগ যাচাই-বাছাইয়ের জন্য কমিশনে জমা দেওয়া হয়েছে জানিয়ে সংস্থাটির মুখপাত্র ও উপ-পরিচালক প্রণব কুমার ভট্টাচায্য বলেন, “যেসব অভিযোগ কমিশনের এখতিয়ারের মধ্যে পড়বে এবং অনুসন্ধানযোগ্য হবে, সেই সব অভিযোগ আমলে নেওয়া হবে। এরপর অনুসন্ধানে অভিযোগের বিষয়ে প্রমাণ পাওয়া গেলে মামলা হবে।”
অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত গত ২৭ জুলাই দুদকের প্রধান কার্যালয়ে ‘হটলাইন অভিযোগ কেন্দ্র’ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন। ওই দিন থেকেই দেশের বিভিন্ন প্রান্ত থেকে ফোন আসা শুরু হয়।
প্রণব জানান, যেসব কল রিসিভ করে দুদকের কর্মকর্তারা মানুষের সঙ্গে কথা বলেছেন, সেই সব অভিযোগের মধ্যে সবচেয়ে বেশি ভূমি সংক্রান্ত। এছাড়া উপজেলা ও ইউনিয়ন পরিষদ, কাবিখা সংক্রান্ত, পল্লী বিদ্যুৎ, স্থানীয় পুলিশ প্রশাসন, মাদকদ্রব্য, নারী নির্যাতন, পাসপোর্ট অফিস সংক্রান্ত অনিয়ম-দুর্নীতির অভিযোগ এসেছে।
অন্যদিকে রেলওয়ে সংক্রান্ত, ঘুষ লেনদেন, মোবাইল ফোনে অতিরিক্ত টাকা কেটে নেওয়া, হাসপাতালে চিকিৎকদের অবহেলা ও অনুপস্থিতি, নির্বাচন কমিশন, শিক্ষা ও জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে।
হটলাইনের মাধ্যমে দেশের যে কোনো প্রান্ত থেকে বিনা পয়সায় ফোন করে তাৎক্ষণিকভাবে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ দুদকে জানানো যাচ্ছে।
দুদকের প্রধান কার্যালয়ের ৩১৬ নম্বর কক্ষে খোলা এই ‘অভিযোগ কেন্দ্রে’ পাঁচটি ডেস্ক রয়েছে। হটলাইনে একসঙ্গে পাঁচজন ব্যক্তির ফোন রিসিভ করা যায়।
দুদকের সহকারী পরিচালক সেলিনা আখতার মনির নেতৃত্বে প্রতিষ্ঠানের বেশ কয়েকজন কর্মকর্তা দুই ঘণ্টা করে অভিযোগ গ্রহণের দায়িত্ব পালন করেন।
