‘উন্নতির সঙ্গে উগ্রতার চ্যালেঞ্জও সামলাতে হবে বাংলাদেশকে’
উন্নতির সঙ্গে সঙ্গে বাংলাদেশকে উগ্রতা ও সন্ত্রাসবাদের চ্যালেঞ্জও মোকাবেলা করতে হবে বলে মন্তব্য করেছেন ঢাকা সফররত যুক্তরাজ্যের বিদেশ ও কমনওয়েলথ দপ্তরের জাতিসংঘ ও কমনওয়েলথ বিষয়ক প্রতিমন্ত্রী তারিক মাহমুদ আহমেদ।
মঙ্গলবার রাজধানীতে আহমদিয়া সম্প্রদায়ের দেওয়া এক সংবর্ধনায় এ কথা বলেন তিনি।
আহমেদিয়া সম্প্রদায়ের এই সদস্য বলেন, “ইসলামের মূল বার্তা হচ্ছে শান্তি ও উন্নতি। বাংলাদেশের উন্নতির সঙ্গে সঙ্গে উগ্রতা ও সন্ত্রাসকে মোকাবেলার চ্যালেঞ্জের প্রসঙ্গও চলে আসে।
বিশ্বজুড়ে ইসলামের যে দৃষ্টান্ত স্থাপিত হচ্ছে তাকে ‘হাইজ্যাকিং ইসলাম’ আখ্যা দেন পাকিস্তানি বংশোদ্ভূত যুক্তরাজ্যের এই নাগরিক।
তিনি বলেন, “এখানেও (বাংলাদেশে) শান্তি ও সৌহার্দ্যের ধর্ম ইসলামের সত্যিকারের নীতি ও নির্দেশনার প্রতিফলনে আহমদিয়া মুসলিম জামাত দৃষ্টান্ত স্থাপন করছে।”
নিউ হ্যাম্পশায়ারে দেওয়া ব্রিটিশ প্রধানমন্ত্রী তেরেসা মের বক্তব্যকে উদ্বৃত করে তারিক মাহমুদ বলেন, আন্তর্জাতিক পর্যায়ে মানব সেবা, হৃদ্যতা ও ভ্রাতৃত্ব ছড়াতে আহমেদিয়া মুসলিম জামাতের প্রয়াস সর্বজনবিদিত। বিশেষ করে পাশ্চাত্যে তারা যে চ্যারিটি করে থাকে, সেটা প্রশংসাযোগ্য।
অনুষ্ঠানে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি শাহরিয়ার কবির বলেন, “বাংলাদেশে একাত্তর সালে ইসলামের নামে ৩০ লাখ মানুষকে হত্যা করা হয়েছে। আমরা যারা ঘটনা জানি, তারা বলতে পারব, এটা হচ্ছ মওদুদীর ইসলাম, ওহাবী ইসলাম।
“এরপরও এই দেশ ধর্মনিরপেক্ষতার আদর্শে স্বাধীন হয়েছে। আমরা সেই জন্য লড়াই করছি। তবে আমরা এখন বাংলাদেশে সমাজ ও রাজনীতির ক্রমবর্ধমান মৌলবাদীকরণ নিয়ে চিন্তিত। অবশ্যই এই মৌলবাদীরা মত প্রকাশের স্বাধীনতার সুযোগ গ্রহণ করে।”
এ সময় প্রধান অতিথির দৃষ্টি আকর্ষণ করে তিনি বলেন, “আপনার দেশেও এটা আমি দেখেছি।”
