কথিত বন্দুকযুদ্ধ: রাজধানীতে র্যাবের গুলিতে আহত ২
ঢাকার মোহাম্মদপুরে র্যাবের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে দুজন আহত হয়েছেন।
মো. হেলাল (৩৫) ও মো. সিরাজুল ইসলাম (৫০) নামের ওই দুই ব্যক্তি ডাকাত দলের সদস্য বলে র্যাবের ভাষ্য।
র্যাব-২ এর অধিনায়ক ইফতেখারুল মাবুদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, মঙ্গলবার ভোর রাতে মোহাম্মদপুরের একতা হাউজিং এলাকায় গোলাগুলির এ ঘটনা ঘটে।
তিনি বলেন, ওই এলাকার একটি পরিত্যক্ত বাড়িতে ডাকাতদের জড়ো হওয়ার খবর পেয়ে র্যাবের টহলদল সেখানে যায়।
“ডাকাতরা র্যাবকে লক্ষ্য করে গুলি ছুড়লে র্যাবও পাল্টা গুলি চালায়। পরে দুজনকে আহত অবস্থায় আটক করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।”
ওই ‘ডাকাত দলের’ আহত দুজনসহ মোট ছয়জনকে আটক করা গেলেও আরও পাঁচ থেকে ছয়জন পালিয়ে গেছে বলে র্যাব অধিনায়ক জানান।
তিনি বলেন, আটক দুজনের কাছ থেকে একটি পিস্তল, দুই রাউন্ড গুলি ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।
ঢাকা মেডিকেল ফাঁড়ির এসআই মো. বাচ্চু মিয়া জানান, র্যাবের নিয়ে আসা দুই জনেরই পায়ে গুলি লেগেছে। তাদের মধ্যে সিরাজুলকে প্রাথমিক চিকিৎসা দিয়ে নিয়ে গেছে র্যাব।
