২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিদ্দিকুরের চোখে জখম: পুলিশের তদন্ত প্রতিবেদন জমা

পরীক্ষার সময়সূচির দাবিতে বিক্ষোভের সময় ‘পুলিশের টিয়ারশেলে’ তিতুমীর কলেজের ছাত্র সিদ্দিকুর রহমানের দুই চোখ জখম হওয়ার ঘটনায় ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তদন্ত কমিটি প্রতিবেদন জমা দিয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Aug 2017, 02:45 PM

Updated : 12 Apr 2022, 12:05 AM

এই কমিটির প্রধান যুগ্ম কমিশনার (অভিযান) মীর রেজাউল আলম সোমবার সকালে ডিএমপি কার্যালয়ে প্রতিবেদন জমা দিয়েছেন বলে জানিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “আমরা আজ প্রতিবেদন জমা দিয়েছি।”

তদন্ত প্রতিবেদনের বিষয়ে রেজাউল কিছু বলতে না চাইলেও কমিটির এক সদস্য বলেন, এ ঘটনায় পুলিশের অসতর্কতা ও অপেশাদার আচরণের বিষয়ে তথ্য পেয়েছেন তারা।

পরীক্ষার সময়সূচি ঘোষণার দাবিতে গত ২০ জুলাই শাহবাগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সাত কলেজের শিক্ষার্থীদের বিক্ষোভের সময় পুলিশ লাঠিপেটা করে ও কাঁদানে গ্যাস ছোড়ে।

তখন সিদ্দিকুরের চোখে কাঁদানে গ্যাসের শেলের আঘাত লাগে বলে আন্দোলকারী শিক্ষার্থীদের অভিযোগ।

সিদ্দিকুরের চোখের জখম পুলিশের টিয়ার শেলের কারণে কি না বিষয়টি তদন্ত করতে তিন সদস্যের এই তদন্ত কমিটি করা হয়।

আহত সিদ্দিকুরের চোখে প্রথম অস্ত্রোপচার হয় ঢাকার জাতীয় চক্ষুবিজ্ঞান ইন্সটিটিউট ও হাসপাতালে। সেখানকার চিকিৎসকরা প্রথম জানিয়েছিলেন তার দুই চোখে আর আলো ফিরবে না।

পরে অবশ্য চিকিৎসকরা জানিয়েছেন, তার একটি চোখ পুরোপুরি নষ্ট হলেও অপর চোখে কিছুটা দেখতে পান।

ভারতের চেন্নাইয়ে শংকর নেত্রালয়ে সিদ্দিকুরের চিকিৎসা চলছে।

পুরনো খবর:

সিদ্দিকুরের জখমের বিষয়ে তদন্ত হচ্ছে: পুলিশ