আওয়ামী লীগ হারলে কারণ হবে ছাত্রলীগ: জাফর ইকবাল
ছাত্রলীগের কর্মকাণ্ডে নাখোশ অধ্যাপক মুহম্মদ জাফর ইকবাল বলেছেন, আগামী নির্বাচনে আওয়ামী লীগ হেরে গেলে তার কারণ হবে তাদের এই ছাত্র সংগঠন।
শনিবার বিকালে সিলেট শাহজালাল বিশ্ববিদ্যালয়ে দুই দিনব্যাপী ‘রিং আইডি সিএসই কার্নিভাল’র সমাপনী অনুষ্ঠানে তিনি একথা বলেন।
অনুষ্ঠানে উপস্থিত ছাত্রলীগ নেতাদের উদ্দেশে জাফর ইকবাল বলেন, “শেখ হাসিনা অনেক কাজ করেছেন দেশের জন্য। সে কারণে আগামী নির্বাচনে তার জিতে যাওয়ার সম্ভাবনাই বেশি। তবে যদি আওয়ামী লীগ ইলেকশনে হারে, তাহলে তোমাদের মতো ছাত্রলীগের কিছু উশৃঙ্খল ছেলে-মেয়ের কারণেই হারবে।”
বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগ আয়োজিত সিএসই কার্নিভালের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও যোগাযোগ প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।
অনুষ্ঠান চলাকালে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি রুহুল আমিনের নেতৃত্বে সংগঠনের নেতাকর্মীরা জোরে স্লোগান দিয়ে মিলনায়তনে ঢুকলে বিশৃঙ্খলার সৃষ্টি হয়।
এ বিষয়ে রুহুল আমিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমার কর্মীরা স্লোগান দেওয়া শুরু করলে আমি তাদের স্লোগান বন্ধ করতে বলি। স্যার আমাকে উপদেশ দিয়েছেন।”
গত ৮ এপ্রিল বাইরে থেকে শাহজালাল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বেড়াতে আসা এক ছাত্রীকে ছাত্রলীগের ওই সময়ের সভাপতি সঞ্জীবন চক্রবর্তী পার্থর অনুসারী কয়েকজন ছাত্রলীগকর্মী শারীরিকভাবে উত্ত্যক্ত করেন।
ক্যাম্পাসের দুই সাংবাদিক এর প্রতিবাদ করলে সভাপতির নির্দেশে ওই ছাত্রলীগকর্মীরা তাদের ওপর হামলা চালায়।
হামলায় আহত হন বিশ্ববিদ্যালয় প্রেস ক্লাবের সাবেক সহ-সভাপতি নবীউল আলম দীপু ও সাধারণ সম্পাদক সরদার আব্বাস।
এ ঘটনার পর ১২ এপ্রিল বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের কার্যক্রম স্থগিত ঘোষণা করে কেন্দ্রীয় ছাত্রলীগ।
এর প্রায় সাড়ে তিন মাস পর স্থগিতাদেশ প্রত্যাহার করে ২৮ জুলাই সভাপতি সঞ্জীবন চক্রবর্তী পার্থকে সংগঠন থেকে অব্যাহতি দিয়ে সহ-সভাপতি রুহুল আমিনকে ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব দেওয়া হয়।
