২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বনশ্রীতে গৃহকর্মীর ঝুলন্ত লাশ উদ্ধার

রাজধানীর বনশ্রীর বাসায় ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় এক গৃহকর্মীর লাশ উদ্ধার করা হয়েছে, যিনি আত্মহত্যা করেছেন বলে ধারণা করছে পুলিশ।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Aug 2017, 04:25 PM

Updated : 12 Apr 2022, 12:04 AM

শুক্রবার সকালে বনশ্রীর জি ব্লকের জনৈক মুন্সী মইন উদ্দিন নামে এক ব্যক্তির বাসায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন ঢাকা মেডিকেল পুলিশ ফাঁড়ির এসআই মো. বাচ্চু মিয়া।

নিহত লাইলী বেগমের (২৬) গ্রামের বাড়ি কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার আজুয়াটালীতে। প্রতিদিন সকালে বনশ্রীর হিন্দুপাড়া বস্তি থেকে মইন উদ্দিনের বাসায় কাজ করতে যেতেন তিনি।

শুক্রবার সকাল ৯টার দিকে গৃহকর্তা মইন উদ্দিন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

গৃহকর্তার বরাত দিয়ে এসআই বাচ্চু মিয়া বলেন, শুক্রবার সকালে বাসায় কাজ করতে এসেই একটি রুমে ঢুকে দরজা বন্ধ করে দেয় লাইলী।

ডাকাডাকির পর দরজা না খোলায় বাড়ির ম্যানেজার এসে দরজা ভেঙে ঘরে ঢুকে ফ্যানের সাথে ওড়ানা পেঁচানো অবস্থায় লাইলীকে দেখতে পান।

পর তাকে নামিয়ে সকাল ৯টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন বলে জানান তিনি।

নিহতের গলায় কালো দাগ রয়েছে বলেও জানান হাসপাতাল পুলিশ ফাঁড়ির এই পুলিশ সদস্য।