প্রধান শিক্ষকের চলতি দায়িত্ব চান প্রাথমিকের সহকারী শিক্ষকরা
জ্যেষ্ঠ সহকারী শিক্ষকদের প্রধান শিক্ষকের চলতি দায়িত্বে দেওয়ার দাবি জানিয়েছেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা।
ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে শুক্রবার এক সংবাদ সম্মেলনে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির ব্যানারে এক সংবাদ সম্মেলনে এই দাবি জানানো হয়।
সংগঠনের সাধারণ সম্পাদক গাজীউল হক চৌধুরী বলেন, সকল জটিলতার নিরসন করে দ্রুততম সময়ের মধ্যে প্রধান শিক্ষক পদে তাদের চলতি দায়িত্ব দিতে হবে।
“প্রধান শিক্ষকদের বেতন দশম গ্রেডে ও সহকারী শিক্ষদের বেতন একাদশ গ্রেডে নির্ধারণ করতে হবে। প্রধান শিক্ষকদের দ্বিতীয় শ্রেণির গেজেটেড মর্যাদা দিতে হবে।”
সহকারী শিক্ষক পদকে ‘এন্ট্রি’ পদ ধরে এসব শিক্ষকের মধ্যে থেকে প্রাথমিক শিক্ষা কার্যালয়ের পরিচালক পর্যন্ত পদোন্নতি এবং প্রাথমিক সমাপনী পরীক্ষা ছাড়া অন্য পরীক্ষার প্রশ্ন আগের মতো বিদ্যালয়ভিত্তিক প্রণয়ন করে পরীক্ষা নেওয়ার নিয়ম চালুর দাবি জানান গাজীউল।
জাতীয় শিক্ষানীতি অনুযায়ী যত দ্রুত সম্ভব প্রাথমিক শিক্ষার স্তরকে অষ্টম শ্রেণিতে উন্নীত করারও দাবি জানানো হয় সংবাদ সম্মেলনে।
আগামী ১ সেপ্টেম্বরের মধ্যে এসব দাবি বাস্তবায়নের আহ্বান জানিয়ে সংগঠনের সাধারণ সম্পাদক বলেন, এই সময়ের মধ্যে দাবি বাস্তবায়ন না হলে ‘পদোন্নতি বঞ্চিত’ শিক্ষকদের নিয়ে আন্দোলনের প্রস্তুতি নেওয়া হবে।
আগামী ১৯ সেপ্টেম্বর জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন করে প্রধানমন্ত্রীকে স্মারকলিপি প্রদান এবং ১৯ অক্টোবর কেন্দ্রীয় শহীদ মিনারে শিক্ষকদের নিয়ে মহাসমাবেশ করে দাবি আদায় না হওয়া পর্যন্ত অনশন কর্মসূচি পালন করা হবে বলে জানান গাজীউল।
অন্যদের মধ্যে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি আনোয়ারুল ইসলাম তোতা, যুগ্ম-সাধারণ সম্পাদক আব্দুল ওয়াদুদ ভূইয়া, সাংগঠনিক সম্পাদক জুলফিকার আলী, সাহিত্য সম্পাদক শাখাওয়াত হোসেন সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।
