২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রোহিঙ্গাদের ফেরাতে ওআইসির সহযোগিতা চান রাষ্ট্রপতি

বাংলাদেশ থেকে রোহিঙ্গাদের মিয়ানমারে ফিরিয়ে পাঠানোর ক্ষেত্রে মুসলিম দেশগুলোর জোট ওআইসির সহযোগিতা চেয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Aug 2017, 07:58 PM

Updated : 19 Aug 2022, 05:12 PM

বৃহস্পতিবার ওআইসির মহাসচিব ইউসেফ বিন আহমদ আল-ওসাইমিন বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাত করতে গেলে আবদুল হামিদ এই সহযোগিতার কথা বলেন।

সাক্ষাৎ শেষে রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন সাংবাদিকদের বলেন, “রাষ্ট্রপতি বাংলাদেশে রোহিঙ্গা সমস্যার সমাধানে ওআইসির সার্বিক সহযোগিতা কামনা করেন। সেই সঙ্গে রোহিঙ্গাদের শান্তিপূর্ণ প্রত্যাবর্তনে সহযোগিতা চান।”

দীর্ঘদিন ধরে কয়েক লাখ রোহিঙ্গার ভার বহন করা আসছে বাংলাদেশ। গত বছরের শেষ দিকে রাখাইনে সেনাবাহিনীর দমন অভিযানে নতুন করে আরও অন্তত ৫০ হাজার মানুষ মিয়ানমার থেকে বাংলাদেশে ঢুকেছে বলে সরকারের ভাষ্য।

আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে বাংলাদেশ বিভিন্ন সময়ে আহ্বান জানালেও তাতে সাড়া দেয়নি মিয়ানমার।

ওআইসি মহাসচিবের দায়িত্ব নেওয়ার পর প্রথমবার বাংলাদেশ সফরে পাঁচ সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন ইউসেফ বিন আহমদ আল-ওসাইমিন। চার দিনের সফরে বুধবার তিনি ঢাকায় পৌঁছান।

জয়নাল আবেদীন বলেন, “রাষ্ট্রপতি বঙ্গভবনে ওআইসি মহাসচিবকে স্বাগত জানান এবং মুসলিম উম্মাহর উন্নয়ন ও কল্যাণে ইতিবাচক অবদান রাখায় তাকে অভিনন্দন জানান।

“রাষ্ট্রপতি এ সময় বলেন, বাংলাদেশ একটি উদার মুসলিম রাষ্ট্র। সাম্প্রদায়িক সম্প্রীতি বাংলাদেশের ঐতিহ্য। তিনি বলেন, বাংলাদেশ বিশ্ব মুসলিম উম্মাহর উন্নয়নে সবসময় সার্বিক সহযোগিতা করতে প্রস্তুত।”

রাষ্ট্রপতি ফিলিস্তিন সমস্যা ও সম্প্রতি আল আকসা মসজিদ সংক্রান্ত জটিলতা নিরসনে মুসলিম উম্মাহর সমন্বিত উদ্যোগ নেওয়ার আহ্বান জানান।

প্রেস সচিব বলেন, “সাক্ষাতের সময় ওআইসি মহাচিব বাংলাদেশের নারী উন্নয়ন ও নারীর ক্ষমতায়নের ভূয়সী প্রশংসা করেন। তিনি বলেন, বাংলাদেশ অগ্রগতির পথে চমৎকারভাবে এগিয়ে যাচ্ছে, যা অন্যান্য মুসলিম দেশের জন্য অনুকরণীয়।”

ওআইসি মহাসিচব বলেন,  মুসলিম বিশ্ব যাতে বিজ্ঞান ও প্রযুক্তি খাতে এগিয়ে যেতে পারে এবং নেতৃত্ব দিতে পারে সেই লক্ষ্যে প্রয়োজনীয় উদ্যোগ নিচ্ছে এই জোট।

বিশ্বে শান্তি প্রতিষ্ঠায় বাংলাদেশের উদ্যোগেরও প্রশংসা করেন তিনি।

অন্যদের মধ্যে সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত গোলাম মসীহ, রাষ্ট্রপতির কার্যালয়ের সচিব সম্পদ বড়ুয়া, প্রেস সচিব জয়নাল আবেদীনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা সাক্ষাতের সময় উপস্থিত ছিলেন।

এর আগে সুইডেনে নিযুক্ত বাংলাদেশের নতুন রাষ্ট্রদূত নাজমুল ইসলাম রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।

প্রেস সচিব জানান, সাক্ষাতের সময় রাষ্ট্রপতি সুইডেনে বাংলাদেশি অভিবাসীদের কল্যাণ নিশ্চিত করতে সার্বিক পদক্ষেপ নেওয়ার নির্দেশনা দেন।

সেই সঙ্গে সুইডেনে বাংলাদেশিদের জন্য কর্মসংস্থান সৃষ্টি এবং বাণিজ্য বাড়ানোর পদক্ষেপ নিতে আহ্বান জানান তিনি।