স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তা পরিচয়ে চাঁদা দাবির অভিযোগ, তদন্তের নির্দেশ
ঢাকার আশুলিয়ায় স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তা পরিচয়ে বিভিন্ন ওষুধের দোকানে চাঁদাবাজির ঘটনায় ঢাকার আদালতে অভিযোগ দায়ের করা হয়েছে।
আশুলিয়ার কাঠগড়া বাজারের মুন্না ফার্মেসির মালিক আবদুল মান্নান শেখ বৃহস্পতিবার ঢাকার মুখ্য বিচারিক হাকিম আদালতে এই অভিযোগ দায়ের করেন।
অভিযোগ গ্রহণ জ্যেষ্ঠ বিচারিক হাকিম মো. শাহীনুর রহমান আশুলিয়া থানার ওসিকে বিষয়টি তদন্তের করে আগামী ২৮ অগাস্টের মধ্যে প্রতিবেদন দিতে বলেছেন বলে বাদীর আইনজীবী মাহবুব হাসান রানা জানিয়েছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, গত ১২ জুলাই গোলাম সোবাহান এবং আফজাল নামের দুই ব্যক্তি ও আরো কয়েকজন অভিযোগকারীর দোকানসহ আরও কয়েকটি ওষুধের দোকানে যান।
“নিজেদের স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তা পরিচয় দিয়ে দোকানগুলোয় ‘সরকারি ওষুধ অবৈধভাবে বিক্রির জন্য রাখা হয়েছে দাবি করে তারা দুই লাখ টাকা দাবি করেন। পাঁচদিনের মধ্যে টাকা না দিলে র্যাবকে দিয়ে ক্রসফায়ারের হুমকি দেন।”
আইনজীবী মাহবুব জানান, আসামিরা ১৯ জুলাই নিজেদের স্বাস্থ্য অধিদপ্তরের সুপারভাইজার ও সহকারী সুপারভাইজার পরিচয় দিয়ে আবারো তল্লাশির নামে অভিযোগকারীর দোকানে ঢুকে পড়ে এবং ওষুধ তাদের সাথে থাকা ব্যাগে ঢোকাতে থাকে। পরিচয়পত্র দেখাতে বললে অভিযোগকারীকে তুলে নিয়ে যাওয়ার হুমকি দেয়।
তিনি বলেন, “খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হলে আসামিরা পালিয়ে যায়।”
এ ঘটনায় মামলা করতে চাইলে আশুলিয়া থানা পুলিশ অভিযোগকারীকে ফিরিয়ে দেয় জানিয়ে আইনজীবী মাহবুব বলেন, “এজন্য আদালতে অভিযোগ দায়ের করা হয়েছে।”
