নির্ধারিত সময়ে ‘ফোকাল পয়েন্ট’ দিতে ব্যর্থ ১০ দল
রাজনৈতিক দলের সঙ্গে সংলাপ সামনে রেখে যোগাযোগের জন্য দায়িত্বশীল ব্যক্তির (ফোকাল পয়েন্ট) নাম এখনও নির্বাচন কমিশনে জমা দেয়নি নিবন্ধিত ১০টি দল।
এক সপ্তাহের মধ্যে নাম-ঠিকানা পাঠানোর জন্য বলা হলেও তিন সপ্তাহ ধরে দলগুলোর সাড়া পায়নি কমিশন।
ইসির সহকারী সচিব রৌশন আরা বুধবার জানান, নির্ধারিত সময় ২০ জুলাইয়ের মধ্যে প্রধান প্রধান দলগুলোসহ ৩০টি দল ‘ফোকাল পয়েন্ট’ পাঠিয়েছে। বাকি ১০ দলকে ১৬ অগাস্টের মধ্যে উপযুক্ত ব্যক্তির নাম-ঠিকানা পাঠানোর জন্য তাগিদ দেওয়া হয়েছে।
দলগুলো হচ্ছে- ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ, ঐক্যবদ্ধ নাগরিক আন্দোলন, বাংলাদেশ জাতীয় পার্টি, বিকল্পধারা বাংলাদেশ, সাম্যবাদী দল, ইসলামী ঐক্যজোট, বাংলাদেশ খেলাফত মজলিশ, ইসলামী আন্দোলন বাংলাদেশ, বিপ্লবী ওয়ার্কার্স পার্টি ও বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট-বিএনএফ।
এসব দলের কাছে বুধবারই বিশেষ বাহক মারফত এ সংক্রান্ত চিঠি পাঠানো হয়েছে বলে জানান এ কর্মকর্তা।
গণমাধ্যমের সঙ্গে ১৭ অগাস্ট সংলাপের প্রস্তাব
ধারাবাহিক সংলাপে সুশীল সমাজের পর গণমাধ্যমের প্রতিনিধিদের সঙ্গে বসার সূচি নির্ধারণ করতে যাচ্ছে নির্বাচন কমিশন।
বুধবার ইসির জনসংযোগ শাখা কমিশনের কাছে ওই সংলাপের জন্য ১৭ অগাস্ট দিন রাখার প্রস্তাব করেছে। ওই দিন বেলা ১১টা থেকে মতবিনিময় শুরু করার কথা বলা হয়েছে।
অনলাইন, প্রিন্ট, ইলেকট্রনিক, রেডিও’র সম্পাদক এবং কিছু জ্যেষ্ঠ সাংবাদিকের তালিকাসহ এ প্রস্তাবনা কমিশনের বিবেচনার জন্য উপস্থাপন করা হয়েছে বলে জানান ইসি কর্মকর্তারা।
সোমবার সুশীল সমাজের সঙ্গে সংলাপ করে কমিশন। পরদিন ইসি সচিব হেলালুদ্দীন আহমদ বলেন, তারিখ ও গণমাধ্যম প্রতিনিধির তালিকা শিগগির চূড়ান্ত করা হবে।
