২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বসুন্ধরায় রাজউকের উচ্ছেদ অভিযান

রাজধানীর কুড়িল-পূর্বাচল ৩০০ ফুট প্রশস্ত সড়কের দুইপাশে উচ্ছেদ অভিযান চালিয়েছে রাজউক, যাতে বসুন্ধরা গ্রুপের কয়েকটি স্থাপনা ভাঙা হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Aug 2017, 11:10 PM

Updated : 11 Oct 2022, 02:20 PM

রাজউকের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নাসির উদ্দিনের নেতৃত্বে পরিচালিত অভিযানে বসুন্ধরা কনভেনশন সিটির সীমানা প্রাচীর, পূর্বাচল সড়কের পাশের কয়েকটি রেস্তোরাঁ এবং বসুন্ধরা গ্রুপের মালিকের নির্মাণাধীন একটি বাড়ির সীমানা দেয়াল ভেঙে দেওয়া হয়।

কুড়িল থেকে পূর্বাচল পর্যন্ত ১০০ ফুট প্রশস্ত খালের জন্য অধিগ্রহণ করা জমিতে এসব স্থাপনা গড়ে তোলা হয়েছিল বলে রাজউক জানিয়েছে।

বুধবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পরিচালিত এ অভিযানে রাজউকের প্রকল্প পরিচালক মো. নুরুল ইসলাম, কুড়িল-পূর্বাচল সংযোগ সড়কের উভয় পাশে ১০০ ফুট চওড়া খাল খনন প্রকল্পের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল নিজাম উদ্দিন আহমেদসহ কর্মকর্তারা অংশ নেন।

অভিযানের শুরুতে বসুন্ধরা আন্তর্জাতিক কনভেনশন সিটির সামনের সীমানা প্রাচীরের একাংশ ভেঙে দেওয়া হয়। তবে প্রধান ফটকের দুই পাশের কিছু অংশে সীমানা প্রাচীর অক্ষত রাখা হয়।

পরে সড়কের উত্তর পাশে গড়ে তোলা কয়েকটি রেস্তোরাঁ ভেঙে দেয় রাজউক। রেস্তোরাঁ মালিকরা হোটেল সরিয়ে নিতে সময় চাইলে দুই দিনের মধ্যে তা সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়।

এরপর ৩০০ ফুট সড়কের দক্ষিণ পাশে বসুন্ধরা গ্রুপের মালিকের ছেলের বাড়ির দেয়াল ভাঙতে যায় ভ্রাম্যমাণ আদালত। তবে এ ভবনের সীমানা দেয়ালের পাশে পাম্প হাউজ ও জেনারেটরের কক্ষ থাকায় তা ভাঙা যায়নি।

রাজউকের নির্বাহী ম্যাজিস্ট্রেট নাসির উদ্দিন বলেন, জেনারেটর কক্ষ এবং পাম্প হাউজের যন্ত্রপাতি সরিয়ে নেওয়ার পর সেখানে অভিযান চালানো হবে।

“এখানে জেনারেটর হাউজ থাকার কারণে অভিযানের সময় দুর্ঘটনার আশঙ্কা থেকে যায়। উনারা আজকে এটা সরিয়ে নেবেন বলে জানিয়েছেন। আমরা কালকে সেখানে অভিযান চালাব। এ বাড়ির মূল ভবন ছাড়া বাকি স্থাপনাগুলো ভাঙা পড়বে।”

এরপর পাশের নির্মাণাধীন আরেকটি বাড়ির সীমানা দেয়াল ভেঙে দেওয়া হয়। ওই বাড়িটিও বসুন্ধরা গ্রুপের মালিকের ছেলের বলে জানান রাজউকের কর্মকর্তারা।

এসব অবৈধ স্থাপনা ৩১ জুলাইর মধ্যে সরিয়ে নিতে নোটিশ দেওয়ার মাইকিং করার পরেও সাড়া না দেওয়ায় এই উচ্ছেদ অভিযান বলে জানান নাসির উদ্দিন আহমেদ।

তিনি বলেন, “খাল খননের মূল কাজটা করছে সেনাবাহিনী। যেহেতু প্রকল্পটি রাজউকের সেজন্য আমরা জমিটি তাদের বুঝিয়ে দিচ্ছি।”