সোহেল মাহফুজ রিমান্ড শেষে কারাগারে
গুলশান হামলার গ্রেনেড সরবরাহকারী হিসেবে চিহ্নিত সোহেল মাহফুজকে কল্যাণপুরের জাহাজ বাড়িতে অভিযানের মামলায় পুলিশি জিজ্ঞাসাবাদের পর কারাগারে পাঠানো হয়েছে।
দুই দফায় ছয় দিনের রিমান্ড শেষে বুধবার ‘নব্য জেএমবি’র এই নেতাকে বুধবার ঢাকার মহানগর হাকিম আদালতে হাজির করে পুলিশের কাউন্টার টেররিজম ইউনিট।
মামলার তদন্ত কর্মকর্তা পরিদর্শক জাহাঙ্গীর আলম তদন্ত শেষ না হওয়া পর্যন্ত সোহেল মাহফুজকে কারাগারে আটক রাখার আবেদন করলে অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম লুৎফর রহমান শিশির সেই আদেশই দেন।
গত ৭ জুলাই চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ থেকে সোহেলকে গ্রেপ্তার করে পুলিশ। পরদিন তাকে ঢাকায় আনা হয়। এরপর দুই দফায় ১৫ দিন তাকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করে পুলিশ।
গত ২৩ জুলাই গুলশান হামলার পরিকল্পনা ও অস্ত্র যোগানের দায় স্বীকার করে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন সোহেল। এরপর তাকে জাহাজবাড়ী মামলায় গ্রেপ্তার দেখিয়ে রিমান্ডে নেওয়া হয়।
গুলশান হামলার পর গত বছরের ২৬ জুলাই কল্যাণপুরের ৫ নম্বর সড়কে ‘জাহাজ বাড়ি’ নামে পরিচিত ভবনে পুলিশ অভিযান চালায়। তাতে ৯ সন্দেহভাজন জঙ্গি মারা যান।
