সিদ্ধেশ্বরী থেকে বিএমডব্লিউ জব্দ
রাজধানীর সিদ্ধেশ্বরীর একটি গ্যারেজে লুকিয়ে রাখা একটি বিএমডব্লিউ গাড়ি জব্দ করেছেন শুল্ক গোয়েন্দারা।
কার্নেট-ডি-প্যাসেজ সুবিধায় শুল্কমুক্তভাবে সাত বছর আগে আনা হয়েছিল গাড়িটি। এরপর প্রযোজ্য প্রায় তিন কোটি ১৬ লাখ টাকা কর-শুল্ক ফাঁকি দেওয়া হয়েছে।
শুল্ক গোয়েন্দা বিভাগের মহাপরিচালক মইনুল খান জানান, বুধবার দুপুরে সিদ্ধেশ্বরীর ‘সুধীসমাজ’ আবাসিক এলাকার ‘হাসিব ভিলার’ গ্যারেজ থেকে কালো রঙের বিএমডব্লিউ এক্স৫ জিপটি আটক করা হয়। ৪৮০০ সিসির গাড়িটি ২০০৪ সালে তৈরি।
গাড়িটির আনুমানিক বাজার মূল্য প্রায় চার কোটি টাকা।
আলী নূর ইসলাম নামে একজন যুক্তরাজ্য প্রবাসী ২০১০ সালের ৪ ফেব্রুয়ারি কার্নেট-ডি-প্যাসেজের আওতায় চট্টগ্রাম বন্দর থেকে গাড়িটি তিন মাসের মধ্যে পুনঃরপ্তানির শর্তে শুল্কমুক্ত সুবিধায় খালাস করেছিলেন।
শুল্ক গোয়েন্দারা জানান, আন্তর্জাতিক একটি সনদ অনুযায়ী যে সুবিধায় পর্যটকরা একটি দেশ থেকে অন্য দেশে শুল্ক না দিয়েই গাড়ি নিয়ে ঢুকতে পারেন, তাকেই ‘কার্নেট ডি প্যাসেজ’ বলা হয়। তবে একটি নির্দিষ্ট সময়, অর্থাৎ দুই বা তিন মাসের জন্য এই সুবিধা পান পর্যটকরা। এতে তাদের সংশ্লিষ্ট দেশের অটোমোবাইল অ্যাসোসিয়েশনের সদস্য হতে হয়। নির্দিষ্ট সময় পর গাড়িটি ফেরত না গেলে সংশ্লিষ্ট দেশের নিয়ম অনুযায়ী এর উপর শুল্ক আরোপ করা হয়।
