রাষ্ট্রপতির কাছে তিন দূতের পরিচয়পত্র পেশ
রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে দেখা করে পরিচয়পত্র পেশ করেছেন মাল্টা, নিউজিল্যান্ড ও পেরুর অনাবাসিক তিন দূত।
বুধবার মাল্টার হাই কমিশনার স্টিফেন বোর্গ, নিউজিল্যান্ডের হাই কমিশনার জোয়ান্না কেম্পকার্স, ও পেরুর রাষ্ট্রদূত জর্জ হুয়ান কাস্তানেদা মেন্ডেজ পৃথকভাবে রাষ্ট্রপতির কাছে পরিচয়পত্র দেন।
রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদীন পরে সাংবাদিকদের বলেন, “রাষ্ট্রপতি নতুন দূতদের বঙ্গভবনে স্বাগত জানান এবং বাংলাদেশে দূত হিসেবে নিয়োগ পাওয়ার জন্য অভিনন্দন জানান। রাষ্ট্রপতি বলেন, বাংলাদেশ দ্বিপক্ষীয় ও বহুপক্ষীয় সম্পর্ক উন্নয়নকে অত্যন্ত গুরুত্ব দেয়।
“তিনি বলেন, বাংলাদেশে অনেক দক্ষ জনশক্তি রয়েছে এবং বিশ্বের বিভিন্ন দেশে দক্ষতার সাথে কাজ করছে। তিনি বাংলাদেশ থেকে জনশক্তি নেওয়ার উদ্যোগ গ্রহণের জন্য রাষ্ট্রদূতদের প্রতি আহ্বান জানান।
পরিচয়পত্র দেন নিউজিল্যান্ডের হাই কমিশনার
বাংলাদেশ বিশ্বমানের ওষুধ, তৈরি পোশাক, চামড়াজাত পণ্যসহ বিভিন্ন পণ্য উৎপাদন করে উল্লেখ করে রাষ্ট্রপতি এসব পণ্য দূতদের দেশে নেওয়ার আহ্বান জানান।
রাষ্ট্রপতি আশা করেন, দূতদের দায়িত্ব পালনকালে তাদের নিজ নিজ দেশের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক আরও গতিশীল হবে।
রাষ্ট্রদূতরা তাদের কর্মকালে রাষ্ট্রপতির সার্বিক সহযোগিতা কামনা করেন।
এর আগে নতুন দূতরা বঙ্গভবনে পৌঁছালে প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের একটি দল তাদের পৃথকভাবে গার্ড অব অনার দেয়।
