পীর সেজে ‘শারীরিক সম্পর্ক করে’ অর্থ হাতানোয় গ্রেপ্তার
পীর সেজে ‘জ্বিন তাড়ানোর’ নামে নারীদের সঙ্গে শারীরিক সম্পর্ক করে তার ভিডিওচিত্র ব্যবহার করে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগে রাজধানীর খিলগাঁও থেকে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
খিলগাঁওয়ের তিলপাপাড়া এলাকার একটি বাসা থেকে সোমবার আহসান হাবিব ওরফে পেয়ার (২৫) নামে ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয় বলে পুলিশের কাউন্টার টেররিজম ইউনিটের অতিরিক্ত উপ-কমিশনার নাজমুল ইসলাম জানান।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “পেয়ার নিজেকে পীর দাবি করত। ইসলামের অপব্যাখ্যা দিয়ে জ্বিন তাড়ানোর কথা বলে বহু নারীর সঙ্গে শারীরিক সম্পর্ক গড়ে তাদের কাছ থেকে অর্থ আদায় করত।”
এছাড়া পেয়ার নিজেকে সাংবাদিক ও একটি অনলাইন টেলিভিশন স্টেশনের মালিক হিসেবে পরিচয় দিত বলেও জানান পুলিশ কর্মকর্তা নাজমুল।
তিনি বলেন, “কিছু নারী পেয়ারের মিষ্টি কথায় প্রতারণার ফাঁদে পড়ে তার সঙ্গে শারীরিক সম্পর্কে জড়ায়। ওই সব নারীর সঙ্গে শারীরিক সম্পর্কের একাধিক ভিডিওচিত্র তার ব্যবহার করা ইলেকট্রনিক ডিভাইসে পাওয়া গেছে। পেয়ার এসব ভিডিওচিত্র দিয়ে ওই নারীদের ব্ল্যাকমেইল করত।”
নব্য জেমবির ‘সম্ভাব্য হত্যা তালিকায়’ তার নাম রয়েছে বলে জানান নাজমুল ইসলাম।
প্রতারিত নারীদের কেউ মামলা করতে রাজি না হওয়ায় পুলিশ বাদি হয়ে পেয়ারের বিরুদ্ধে মামলা করেছে বলে জানান তিনি।
