কিশোরী ধর্ষণ: যুব ও ছাত্র ইউনিয়নের বিক্ষোভ
বগুড়ায় কিশোরীকে ধর্ষণ ও নির্যাতনের প্রতিবাদ জানিয়েছে যুব ইউনিয়ন ও ছাত্র ইউনিয়ন।
মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবের সামনে বিক্ষোভ-সমাবেশ থেকে এ ঘটনায় জড়িতদের দ্রুত বিচারের মুখোমুখি করে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করা হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
মেয়েটির উপর নির্যাতনকে ‘মধ্যযুগীয় বর্বরতা’র সঙ্গে তুলনা করে ছাত্র ও যুব ইউনিয়ন নেতারা নারীদের প্রতিবাদী হয়ে ওঠার আহ্বান জানান।
যুব ইউনিয়নের সভাপতি হাসান হাফিজুর রহমান সোহেলের সভাপতিত্বে সমাবেশে সংগঠনটির সাধারণ সম্পাদক হাফিজ আদনান রিয়াদ এবং ছাত্র ইউনিয়ন সভাপতি জি এম জিলানী শুভ বক্তব্য দেন।
হাসান হাফিজ বলেন, “ক্ষমতাসীনদের ছত্রছায়ায় থাকা তুফান সরকারের মতো ধর্ষকদের শুধু ধমক দেখানোর জন্য গ্রেপ্তার করলে হবে না। বিচারের মুখোমুখি করে তাকে এবং জড়িত অন্যদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।”
বগুড়ার এক কিশোরীকে ভালো কলেজে ভর্তির প্রলোভন দেখিয়ে ১৭ জুলাই ও পরে আরও কয়েকবার ধর্ষণের অভিযোগ উঠেছে শহর শ্রমিক লীগের আহ্বায়ক তুফান সরকারের বিরুদ্ধে।
বিষয়টি জানতে পেরে শুক্রবার দুপুরে তুফানের স্ত্রী আশা ও তার বড় বোন বগুড়া পৌরসভার সংরক্ষিত মহিলা ওয়ার্ডের কাউন্সিলর মার্জিয়া হাসান রুমকিসহ ‘একদল সন্ত্রাসী’ ওই কিশোরী এবং তার মাকে বাড়ি থেকে তুলে নিয়ে যায়। পরে মারধর করে নাপিত দিয়ে মা ও মেয়ের মাথা ন্যাড়া করে দেওয়া হয়।
