ওয়েজ বোর্ড আন্দোলনে আটকে গেছে তথ্যমন্ত্রীর অনুষ্ঠান
নবম ওয়েজ বোর্ড গঠনের দাবিতে সাংবাদিকদের সংগঠনগুলোর আন্দোলনে আটকে গেছে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুর ‘মিট দ্য রিপোর্টার্স’ অনুষ্ঠান।
মঙ্গলবার বেলা ১১টায় ডিআরইউ-এর সাগর-রুনি মিলনায়তনে ওই অনুষ্ঠানের কথা জানিয়ে তথ্য মন্ত্রণালয় থেকে সোমবার বিজ্ঞপ্তি পাঠানো হলেও পরে খোঁজ নিয়ে জানা যায়, ‘ডিআরইউয়ের অনুরোধে’ পরিকল্পনায় পরিবর্তন এসেছে।
তথ্য মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ তথ্য কর্মকর্তা মীর আকরাম উদ্দীন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ডিআরইউ-এর প্রেসিডেন্ট ফোন করে জানিয়েছেন, অনুষ্ঠানটা কালকের (মঙ্গলাবার) পরিবর্তে অন্য সময় তারা অর্গানাইজ করবেন।”
সাংবাদিকদের সংগঠনগুলো দীর্ঘদিন ধরে নবম ওয়েজ বোর্ড গঠনের দাবি জানিয়ে আসছে। এর উদ্যোগ নেওয়ার কথা জানিয়ে তথ্যমন্ত্রী সম্প্রতি বলেন, মালিক সমিতির প্রতিনিধির নাম জমা না হওয়ায় বোর্ড গঠন করা যাচ্ছে না।
কিন্তু বোর্ড গঠনে বিলম্বের জন্য তথ্যমন্ত্রীকে দায়ী করে রোববার সচিবালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) ও ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে)। সমাবেশ থেকে তথ্য প্রযুক্তি আইনের ৫৭ ধারা বাতিলের দাবিও তোলা হয়।
বিএফইউজের সভাপতি মঞ্জুরুল আহসান বুলবুল ১৫ অগাস্টের মধ্যে নবম ওয়েজ বোর্ড গঠনের দাবি জানিয়ে বলেন, তা না হলে কঠোর কর্মসূচিতে যাবেন তারা।
“এটা তথ্যমন্ত্রী যদি ঘোষণা না দেন, তাহলে সাংবাদিকরা প্রধানমন্ত্রীর কাছে যাবে। সাংবাদিকদের মিছিল প্রয়োজনে মালিকদের অফিস ধাওয়া করবে। যে মালিক তার অফিসে বসে তথ্যমন্ত্রীর সঙ্গে সাংবাদিকদের বিরুদ্ধে চক্রান্ত করবেন, আবার মালিক সমিতির নেতা হবেন, তাদের সঙ্গে আমাদের বোঝাপড়া আছে।”
(ফাইল ছবি)
“আমরা যখন কর্মসূচি ঘোষণা করব, তার পর থেকে সাংবাদিকদের কোনো অনুষ্ঠানে আপনি আসতে পারবেন না। সচিবালয়ে যারা সংবাদ সংগ্রহ করে করবে, কিন্তু তথ্য মন্ত্রণালয়ের কোনো সংবাদ প্রচার হবে না। বাংলাদেশের কোনো মিডিয়া আপনাকে ধারণ করবে না। কোনো পত্র-পত্রিকা আপনার খবর ছাপবে না।”
সাংবাদিক সমিতির নেতাদের ওই হুঁশিয়ারির পরদিন সোমবার দুপরে তথ্য মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা মীর আকরাম উদ্দীন আহম্মদের স্বাক্ষরে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, মঙ্গলবার বেলা ১১টায় ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে ‘মিট দ্য প্রেস’ অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন তথ্য মন্ত্রী হাসানুল হক ইনু।
কিন্তু ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি সাখওয়াত হোসেন বাদশা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রশ্নের জবাবে বলেন, “মঙ্গলবার ডিআরইউতে তথ্যমন্ত্রীর কোনো অনুষ্ঠান নেই।”
তবে ডিআরইউ-এর একজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে দুপুরে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, তথ্যমন্ত্রীর মঙ্গলবারের অনুষ্ঠানের জন্য ব্যানার ও ক্রেস্ট তৈরিসহ আনুষঙ্গিক বিষয় তদারকির জন্য একজন কর্মকর্তাকে দায়িত্ব দেওয়া হয়েছিল। কিন্তু আন্দোলনের কারণে ওই অনুষ্ঠান নিয়ে অনিশ্চয়তার তৈরি হয়েছে।
“আমরা সাংবাদিকরা আন্দোলনে আছি। এর সঙ্গে ডিআরইউও যুক্ত রয়েছে। এই আন্দোলনে তথ্যমন্ত্রীর বিরুদ্ধেও প্রতিবাদ হচ্ছে। সেখানে ডিআরইউতে কোনোভাবে তথ্যমন্ত্রী আসতে পারেন না, এটা রোববার আমাদের কর্মসূচি থেকেই ঘোষণা হয়েছে।”
এরপর বিকাল সাড়ে ৪টার দিকে তথ্য মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ তথ্য কর্মকর্তা মীর আকরাম উদ্দীনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি ডিআরইউয়ের কাছ থেকে মঙ্গলাবার অনুষ্ঠান না করার বিষয়ে ফোন পাওয়ার কথা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান।
