২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দুর্নীতি মামলায় অভিযোগ গঠন: সাবেক বিচারপতিকে আপিলের অনুমতি

তথ্য গোপন ও জ্ঞাতআয় বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় অভিযোগ গঠন বাতিল চেয়ে করা আবেদন হাই কোর্টে খারিজ হওয়ার বিরুদ্ধে আপিলের অনুমতি পেয়েছেন তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ও আপিল বিভাগের প্রাক্তন বিচারপতি ফজলুল হক।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Jul 2017, 01:27 PM

Updated : 19 Aug 2022, 05:11 PM

প্রধান বিচারপতির নেতৃত্বে তিন বিচারপতির আপিল বেঞ্চ সোমবার তার লিভ টু আপিল আবেদন আমলে নিয়ে এ আদেশ দেন।

একইসঙ্গে মামলার কার্যক্রমের ওপরও স্থগিতাদেশ দেওয়া হয়েছে বলে সাংবাদিকদের জানান আদালতে দুর্নীতি দমন কমিশন-দুদকের পক্ষে শুনানিতে অংশ নেওয়া আইনজীবী খুরশিদ আলম খান।

Image
ফাইল ছবি

ফাইল ছবি

তথ্য গোপন ও জ্ঞাতআয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে দুদকের করা মামলাটির অভিযোগ গঠন বাতিল চেয়ে করা সাবেক এ বিচারপতি আবেদন গত ১৫ মার্চ খারিজ করে দেয় বিচারপতি মো. শওকত হোসেন ও বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদারের হাই কোর্ট বেঞ্চ।

এরপর এ রায়ের বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করেন ফজলুল হক।

সম্পদের হিসাব বিবরণী চেয়ে দুদকের নোটিসের জবাবে বিচারপতি ফজলুল হক সম্পদের যে হিসাব বিবরণী দাখিল করেছিলেন, সেখানে প্রায় ৯৭ লাখ টাকার সম্পদের তথ্য গোপন করার অভিযোগ পেয়ে জরুরি অবস্থার সময় ২০০৮ সালের ১৩ এপ্রিল রমনা থানায় এই মামলা দায়ের করে দুদক।

২০১০ সালের সেপ্টেম্বরে হাই কোর্ট মামলার কার্যকারিতা স্থগিতের আদেশ দিলেও পরে আপিল বিভাগে স্থগিতাদেশ উঠে যায়।

গত বছরের ১৪ নভেম্বর এ মামলায় অভিযোগ গঠন করা হয়। পরে মামলাটি বাতিল চেয়ে হাই কোর্টে আবেদন করেন বিচারপতি ফজলুল হক। ১৫ মার্চ ওই আবেদন খারিজ করে রায় দেয় হাই কোর্ট।

সেদিন খুরশিদ আলম খান সাংবাদিকদের বলেছিলেন, “আদালত বলেছে, তিনি (ফজলুল হক) অসাধু উপায়ে সম্পদ অর্জন করেছেন কিনা সেটা বিচারিক আদালতে বিচার চলার সময়ই নির্ণয় করা হবে। বিতর্কিত এ বিষয়টি দেখবে বিচারিক আদালত। এটা দেখার এখতিয়ার এ আদালতের নেই।”