২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইসির সংলাপে উপস্থিতি অর্ধেক

একাদশ সংসদ নির্বাচন সামনে রেখে আইনি সংস্কার, সীমানা পুনঃনির্ধারণসহ ঘোষিত রোডম্যাপ নিয়ে নাগরিক সমাজের প্রতিনিধিদের সঙ্গে সংলাপে বসেছে নির্বাচন কমিশন।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Jul 2017, 12:47 PM

Updated : 11 Oct 2022, 02:20 PM

পুরনো খবর:

সংলাপে ‘ভালো কিছু’ পাওয়ার আশায় সিইসি
ইসির সংলাপ: আমন্ত্রিতদের জন্য সময় গড়ে ২ মিনিট
কথা বলতে পর্যাপ্ত সময় দেওয়া হবে: ইসি সচিব

সোমবার বেলা ১১টার পর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদার সভাপতিত্বে এ মত বিনিময় সভা শুরু হয়।

এ সংলাপে আমন্ত্রিত ৫৯ জন প্রতিনিধির মধ্যে প্রায় অর্ধেকই অনুপস্থিত। ২৫ জনের পরিচিতি পর্ব দিয়ে এ সভার শুরু হয়। পরে আরও অন্তত পাঁচজন সভায় যোগ দেন।

আলোচনার শুরুতে সিইসি কে এম নূরুল হুদা স্বাগত বক্তব্য দেন। চার নির্বাচন কমিশনার, ইসি সচিবসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা এ আলোচনায় উপস্থিত রয়েছেন। সঞ্চালনা করছেন ইসির ভারপ্রাপ্ত সচিব হেলালুদ্দীন আহমদ।

অনুষ্ঠানে সাংবাদিকদের ছবি তোলার অনুমতি দেওয়া হলেও মত বিনিময় সভায় কাউকে থাকতে দেওয়া হয়নি।

২০১৯ সালের ২৮ জানুয়ারির আগের ৯০ দিনের মধ্যে একাদশ সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে আয়োজন করতে গত ১৬ জুলাই দেড় বছরের কর্মপরিকল্পনা প্রকাশ করে কে এম নূরুল হুদা নেতৃত্বাধীন নির্বাচন কমিশন।

এর অংশ হিসেবে রাজনৈতিক দল, নির্বাচন পরিচালনা বিশেষজ্ঞ, গণমাধ্যম প্রতিনিধি, পর্যবেক্ষক ও নারী সংগঠনের প্রতিনিধিদের সঙ্গে ইসির এই মতবিনিময়।

সোমবারের বৈঠকের কার্যপত্রে দেখা যায়, কর্মপরিকল্পনার সাতটি বিষয় বিষয় ছাড়াও প্রাসঙ্গিক অন্য বিষয়েও নাগরিক সমাজের প্রতিনিধিদের মতামত শুনতে চেয়েছে ইসি।

আলোচ্য বিষয়

>> বিদ্যমান ইংরেজি আইন কাঠামো বিশেষ করে ‘দ্য রিপ্রেজেন্টেশন অব দ্য পিপল অর্ডার, ১৯৭২ এবং দ্য ডিলিমিটেশন অব কনস্টিটিউয়েন্সিস অর্ডিন্যান্স, ১৯৭৬’ যুগোপযোগী করে বাংলা ভাষায় প্রণয়ন।

>> বিগত নির্বাচনসমূহের অভিজ্ঞতার ভিত্তিতে অবৈধ অর্থ এবং পেশী শক্তির ব্যবহার রোধে আইনি কাঠামো সংস্কার সংক্রান্ত প্রস্তাবনা

>> সংসদীয় এলাকার সীমানা নির্ধারণে জনসংখ্যার পাশাপাশি ভোটার সংখ্যা, সংসদীয় এলাকার আয়তন, প্রশাসনিক অখণ্ডতা এবং যোগাযোগ ব্যবস্থাকে গুরুত্ব দিয়ে ডিজিটাল টেকনোলজি ব্যবহারের মাধ্যমে সীমানা নির্ধারণ

>> নির্বাচন প্রক্রিয়া যুগোপযোগী ও সহজীকরনের বিষয়ে আইনি কাঠামো ও প্রক্রিয়ায় প্রয়োজনীয় সংস্কার। প্রবাসী ভোটারদের ভোট দান নিশ্চিত করার বিষয়ে একটি আইন কাঠামোসহ প্রক্রিয়া প্রণয়নের জন্য প্রস্তাবনা।

>> কর্ম পরিকল্পনায় বর্ণিত অন্যান্য কাঠামোকে যুগোপযোগী করা

>> নির্ভুল ভোটার তালিকা প্রণয়ন ও বিতরণ নিশ্চিত করার জন্য পরামর্শ

>> ভোট কেন্দ্র স্থাপন সংক্রান্ত কার্যক্রম যুগোপযোগী করার জন্য পরামর্শ

>> নতুন রাজনৈতিক দল নিবন্ধন এবং নিবন্ধিত রাজনৈতিক দলের নিরীক্ষা সংক্রান্ত প্রস্তাব

>> সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে সক্ষমতা বৃদ্ধির জন্য কর্মপরিকল্পনার অতিরিক্ত কোনো প্রস্তাব থাকলে সে বিষয়ে আলোচনা।

নাগরিক সমাজের আমন্ত্রিত প্রতিনিধিদের মধ্যে তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা রাশেদা কে চৌধুরী, এম হাফিজ উদ্দিন খান, সাবেক সচিব এ এইচ এম কাশেম, সাবেক মন্ত্রিপরিষদ সচিব আলী ইমাম মজুমদার, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক তারেক শামসুর রহমান, সাবেক রাষ্ট্রদূত ওয়ালিউর রহমান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সৈয়দ আনোয়ার হোসেন, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নাজমুল আহসান কলিমউল্লাহ সংলাপে উপস্থিত আছেন।

এছাড়া সাবেক গভর্নর মোহাম্মদ ফরাসউদ্দিন, সাবেক রাষ্ট্রদূত এ এফ গোলাম হোসেন, সাবেক সচিব রকিব উদ্দিন মণ্ডল, অধ্যাপক সলিমুল্লাহ খান, প্রথম আলোর যুগ্ম সম্পাদক মিজানুর রহমান খান, টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান, সিপিডির সম্মানিত ফেলো দ্রেবপ্রিয় ভট্টাচার্য, অধ্যাপক এমএম আকাশ, অধ্যাপক অজয় রায়, অধিকারকর্মী খুশী কবির, সাইফুল হক, সঞ্জীব দ্রং, ফিলীপ গায়েন, ব্রতীর নির্বাহী শারমিন মুর্শিদ, অধ্যাপক দিলারা চৌধুরী, কলাম লেখক মহিউদ্দিন আহমদ, অধ্যাপক মাহবুবা নাসরিন, কবি লুবানা হাসান আলোচনায় অংশ নিচ্ছেন।

পরে এসে সংলাপে যোগ দেন সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী আবুল হাসান চৌধুরী, পিএসসির সাবেক চেয়ারম্যান সা’দত হুসাইন, তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা হোসেন জিল্লুর রহমান, অধ্যাপক আসিফ নজরুল ও অধ্যাপক তাসনিম সিদ্দিকী।

ইসির অতিরিক্ত সচিব মোখলেসুর রহমান রোববারই বলেছিলেন,  আমন্ত্রিত ৫৯ নাগরিকের মধ্যে ৪০ জনের মত উপস্থিত থাকতে পারেন।

আর ভারপ্রাপ্ত সচিব হেলালুদ্দীন আহমদ বলেছিলেন, “এ মতবিনিময় সভায় মূলত উনাদের কাছ বক্তব্য শুনব আমরা। বেলা ১১টা থেকে ১টা পর্যন্ত সময় রাখা হয়েছে। যতক্ষণ পর্যন্ত প্রত্যেকে বক্তব্য রাখবেন সময় দেওয়া হবে।”