২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শিক্ষককে ‘মারধরের’ পর ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে উত্তেজনা

এক শিক্ষককে মারধরের অভিযোগ উঠেছে রাজধানীর ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তাদের বিরুদ্ধে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Jul 2017, 12:39 AM

Updated : 19 Aug 2022, 05:11 PM

রোববার বিকালের এই ঘটনার পর তা নিয়ে মহাখালীতে বেসরকারি বিশ্ববিদ্যালয়টির ক্যাম্পাসে উত্তেজনা চলছে। বিষয়টি পুলিশেও গড়িয়েছে।

ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী ও আইন বিভাগের শিক্ষক ফারহান উদ্দিন মারধরের স্বীকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে।

বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের পরিচালক ইয়াসির আরাফাত বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ফারহান উদ্দিনকে চাকরিচ্যুত করতে তাকে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারসহ কয়েক কর্মকর্তা মারধর করেছেন।”

এরপর অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সদস্যরা রাতে ক্যাম্পাসে এসে বিক্ষোভ শুরু করেন। তারা জড়িতদের ক্ষমা চাওয়ার দাবি তুলেছেন।

ফেইসবুকসহ ইন্টারনেটে সামাজিক যোগাযোগ মাধ্যমেও বিশ্ববিদ্যালয়টির শিক্ষার্থীরা শিক্ষকের পক্ষে সরব হয়েছেন।

ফারহান চুক্তিভিত্তিক নিয়োগে ছিলেনি বিশ্ববিদ্যালয়টিতে। তার চুক্তির মেয়াদ শেষ হয়ে যাওয়ার পরপরই এই ঘটনা ঘটে বলে জানা গেছে।

 অভিযোগের মুখে থাকা বিশ্ববিদ্যালয়টির রেজিস্ট্রার সাবেক সেনা কর্মকর্তা মুহাম্মদ শাহুল আফজালের কোনো বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। বিশ্ববিদ্যালয়ের ফোন নম্বরগুলোতে কল করেও কারও সাড়া মেলেনি।

ইয়াসির আরাফাত বলেন, তারা ঘটনাটি বনানী থানায় জানিয়েছেন।

বনানী থানার পরিদর্শক আবদুল মতিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ব্র্যাকের শিক্ষকদের মধ্যে সমস্যার ঘটনায় একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে। বিস্তারিত ওসি স্যার (বি এম ফরমান আলী) জানেন। তিনি ঘটনাস্থলে গিয়েছিলেন।”

বনানী থানার ওসি বি এম ফরমান আলীর সঙ্গে রাতে বেশ কয়েকবার যোগাযোগের চেষ্টা করেও তার বক্তব্য পাওয়া যায়নি।