ছায়ানট ভবনে বইমেলা
‘কৈশোর ও তারুণ্যে বই’ সংগঠনটির এক বছর পূর্তি উপলক্ষে ছায়ানট ভবনে শুরু হয়েছে চার দিনব্যাপী বইমেলা।
রোববার সকালে ধানমণ্ডিতে প্রতিষ্ঠানটির ভবনে সাংস্কৃতিক ব্যক্তিত্ব কামাল লোহানী ‘কৈশোর ও তারুণ্যের বইমেলা’ শীর্ষক এই আয়োজন উদ্বোধন করেন।
‘আনন্দলোকে মঙ্গলালোকে বিরাজ সত্য সুন্দর’ গানের সঙ্গে ছায়ানটের সহযোগী প্রতিষ্ঠান নালন্দা বিদ্যালয়ের শিক্ষার্থীদের সম্মেলক পরিবেশনায় শুরু হয় বইমেলা।
উদ্বোধনের পরপরই নালন্দার শিক্ষার্থীদের আগ্রহে মুখর হয়ে ওঠে মেলাস্থল। শিশুদের তাদের পছন্দের বই নিয়ে মেতে উঠতে দেখা যায়।
কামাল লোহানী বলেন, “ক্লাসরুমের পাশে বই- এটি অসাধারণ কাজ। ‘কৈশোর ও তারুণ্যে বই’ এ সংগঠনটি প্রত্যেকটি স্কুলের শিশুদের মাঝে যেন বাঙালির ঐতিহ্য, বাঙালির সংস্কৃতি, বাঙালির ইতিহাস, মুক্তিযুদ্ধের চেতনা ও অসাম্প্রদায়িক চিন্তাকে ছড়িয়ে দিতে পারে সে আশাই করছি।”
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ছিলেন মনোরোগ বিশেষজ্ঞ ও কথাসাহিত্যিক আনোয়ারা সৈয়দ হক, অধ্যাপক মোরশেদ শফিউল হাসান।
উত্তরা রাজউক স্কুলে শুরু হয় বইমেলাটি। এরপর ঢাকার বিএন স্কুল, ধানমন্ডি বয়েজ, মোহাম্মদপুর প্রিপারেটরি স্কুল এবং ঢাকার বাইরে ময়মনসিংহ, পাকশী, বগুড়া, রাজশাহী, ফেনী, চাঁদপুর জেলার বিভিন্ন স্কুলে এ পর্যন্ত মোট ২৫টি বই মেলার আয়োজন হয়েছে।
বইমেলার আয়োজন নিয়ে অ্যাডর্ন পাবলিকেশন্সের মালিক সৈয়দ জাকির হোসেন বলেন, “প্রকাশক হিসেবে কে কত বই বিক্রি করলো এটা কিন্তু মুখ্য বিষয় থাকে না। আমরা দেখি শিশুদের আগ্রহের দিকটা। বই নিয়ে তার আনন্দটা।”
তিনি জানান, শিশুদের বইপড়ুয়া হিসেবে গড়ে তুলতে ক্লাসরুমের পাশে বইমেলা আয়োজনের সূত্রপাত।
“আমাদের যারা শিশু-কিশোর, তাদেরকেই সঠিকভাবে গড়ে তুলতে হবে। তাদের হাতে তুলে দিতে হবে মানসম্পন্ন বই।”
প্রতিদিন সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ছায়ানটে বইমেলাটি চলবে আগামী ২ অগাস্ট পর্যন্ত।
