২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

১০ সাংবাদিককে ট্যুরিজম বোর্ডের ফেলোশিপ

বিভিন্ন গণমাধ্যমে কর্মরত ১০ জনকে পর্যটন সাংবাদিকদের ফেলোশিপ দিয়েছে বাংলাদেশ ট্যুরিজম বোর্ড।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jul 2017, 11:09 PM

Updated : 19 Aug 2022, 05:10 PM

রোববার জাতীয় প্রেস ক্লাবে এক অনুষ্ঠানে বেসামরিক বিমান চলাচল ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন এই সাংবাদিকদের হাতে ফেলোশিপের সনদ ও সম্মানী তুলে দেন।

ট্যুরিজম বোর্ড ও এভিয়েশন অ্যান্ড ট্যুরিজম জার্নালিস্ট ফোরাম অব বাংলাদেশের যৌথ আয়োজনে এ বছর ফেলোশিপের জন্য ২৬টি আবেদন জমা হয়।

এর মধ্য থেকে ফেলোশিপ পেয়েছেন বৈশাখী টিভির রীতা নাহার, বাংলাদেশ টেলিভিশনের শফিউল্লাহ সুমন, ঢাকা ট্রিবিউনের ইশতিয়াক হোসাইন, বণিক বার্তার মনজুরুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্টের তারেক মোরতাজা, বাংলা ট্রিবিউনের চৌধুরী আকবর হোসেন, আর টিভির জুলহাস কবীর, ডেইলি সানের সোহেল হোসেন পাটওয়ারী, এসএ টিভির নিয়ামুল সাদেক, চ্যানেল টোয়েন্টিফোরের সাদ বিন শফিক।

অনুষ্ঠানে মন্ত্রী মেনন বলেন, “পর্যটনের বিকাশে সাংবাদিকদের ভূমিকাও গুরুত্বপূর্ণ। সাংবাদিকদের মাধ্যমে দেশের মানুষের মধ্যে সচেতনতা তৈরি সম্ভব।”

ট্যুরিজম বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. নাসির উদ্দিন বলেন, বাংলাদেশের ট্যুরিজম এগিয়ে যাচ্ছে আরও এগিয়ে যাবে। এ ক্ষেত্রে গণমাধ্যমের সহযোগিতা প্রয়োজন। 

অনুষ্ঠানে  বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (প্রশাসন ও পর্যটন) মো.ইমরান, ট্যুরিজম বোর্ডের পরিচালক নিখিল রঞ্জন রায়, মনিটর সম্পাদক কাজী ওয়াহিদুল আলম, ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (টোয়াব)পরিচালক তৌফিক রহমান, সদস্য সৈয়দ মাহবুবুল ইসলাম বুলু, ট্যুরিজম বোর্ডের জনসংযোগ কর্মকর্তা আকতার হোসেন, এভিয়েশন অ্যান্ড ট্যুরিজম জার্নালিস্ট ফোরাম অব বাংলাদেশের সভাপতি নাদিরা কিরণ, সাধারণ সম্পাদক তানজিম আনোয়ার উপস্থিত ছিলেন।