২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাংবাদিকদের সমাবেশ থেকে তথ্যমন্ত্রীকে বয়কটের হুমকি

নবম ওয়েজ বোর্ড গঠনের দাবিতে সচিবালয়ের সামনে সাংবাদিকদের সংগঠনগুলোর অবস্থান কর্মসূচি থেকে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুকে বর্জনের হুমকি দেওয়া হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jul 2017, 07:20 PM

Updated : 12 Apr 2022, 12:02 AM

সাংবাদিকদের নতুন বেতন বোর্ড গঠনে দেরির জন্য তথ্যমন্ত্রীকে দায়ী করে রোববার এই অবস্থান কর্মসূচি পালিত হয়। সমাবেশ থেকে তথ্য প্রযুক্তি আইনের ৫৭ ধারা বাতিলের দাবিও তোলা হয়। 

নবম ওয়েজ বোর্ড গঠনে ১৫ অগাস্ট পর্যন্ত তথ্যমন্ত্রীকে সময় দিয়ে বিএফইউজে সভাপতি মঞ্জুরুল আহসান বুলবুল বলেন, তা না হলে কঠোর কর্মসূচিতে যাবেন তারা।

“এটা তথ্যমন্ত্রী যদি ঘোষণা না দেন, তাহলে সাংবাদিকরা প্রধানমন্ত্রীর কাছে যাবে। সাংবাদিকদের মিছিল প্রয়োজনে মালিকদের অফিস ধাওয়া করবে। যেই মালিক তার অফিসে বসে তথ্যমন্ত্রীর সঙ্গে সাংবাদিকদের বিরুদ্ধে চক্রান্ত করবেন, আবার মালিক সমিতির নেতা হবেন, তাদের সঙ্গে আমাদের বোঝাপড়া আছে।”

তথ্যমন্ত্রীকে হুঁশিয়ার করে তিনি বলেন, “তথ্যমন্ত্রী যেখানে বসে আছেন, তাতে কোনো আপত্তি নাই, কিন্তু আমরা আমাদের জাতীয় প্রেস ক্লাব, রিপোর্টার্স ইউনিটিতে তাকে আসতে দেব না। বাংলাদেশের কোনো প্রেসক্লাবে আপনি যেতে পারবেন না।

“আমরা যখন কর্মসূচি ঘোষণা করব, তার পর থেকে সাংবাদিকদের কোনো অনুষ্ঠানে আপনি আসতে পারবেন না। সচিবালয়ে যারা সংবাদ সংগ্রহ করে করবে, কিন্তু তথ্য মন্ত্রণালয়ের কোনো সংবাদ প্রচার হবে না। বাংলাদেশের কোনো মিডিয়া আপনাকে ধারণ করবে না। কোনো পত্র-পত্রিকা আপনার খবর ছাপবে না।”

নবম ওয়েজ বোর্ড গঠনের দাবি দীর্ঘ দিন ধরে জানিয়ে আসছে সাংবাদিকরা। এর উদ্যোগ নেওয়ার কথা জানিয়ে তথ্যমন্ত্রী সম্প্রতি বলেন, মালিক সমিতির প্রতিনিধির নাম জমা না হওয়ায় বোর্ড গঠন করা যাচ্ছে না।

ওই বক্তব্যের পরপরই সাংবাদিকদের সংগঠনগুলো ক্ষুব্ধ হয়ে কর্মসূচিতে নামে, তথ্যমন্ত্রীর অপসারণের দাবিও তোলে। তার ধারাবাহিকতায় রোববারের অবস্থান কর্মসূচি হয়।

শোকের মাস অগাস্টের প্রথম ভাগে কোনো কর্মসূচি না দিয়ে ঢাকার বাইরে মতবিনিময় সভা করা হবে বলে জানান বুলবুল। ১৬ অগাস্ট নতুন কর্মসূচি ঘোষণা করা হবে বলে জানান তিনি।

অবস্থান কর্মসূচিতে ডিইউজে সভাপতি শাবান মাহমুদ বলেন, “সাংবাদিকরা তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবে। প্রয়োজনের কাফনের কাপড় পরে তারা রাজপথে অবস্থান করবে। নোয়াব বাধা হলে প্রয়োজনে তাদের প্রতিষ্ঠানও ঘেরাও করার কর্মসূচি দেওয়া হবে।”

নারী সাংবাদিক কেন্দ্রের সভাপতি নাসিমুন আরা হক মিনু বলেন, “সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন কয়েকগুণ বাড়ানো হলেও সাংবাদিকদের বেতন বাড়ানো হয়নি।”

তথ্য প্রযুক্তি আইনের ৫৭ ধারায় সাংবাদিকদের হয়রানির চিত্র তুলে দরে তিনি বলেন, এটা মত প্রকাশের স্বাধীনতার উপর চরম হস্তক্ষেপ।

৫৭ ধারা সরকারের সুনাম ক্ষুণ্ন করছে বলেও মন্তব্য করেন বিএফইউজে সভাপতি বুলবুল।

“মাননীয় প্রধানমন্ত্রী নিজ উদ্যোগে ৫০১, ৫০২ ,৫৩৪ দণ্ডবিধি সংশোধন করেছেন। তিনি বলেছেন, কোনো সাংবাদিক কোনো অপরাধ করলে তাকে গ্রেপ্তার করা যাবে না। তিনি সাংবাদিকদের মর্যাদা দিলেন। উল্টো দিকে আরেকটা আইন জারি হল ৫৭ ধারা। প্রধানমন্ত্রী চান সাংবাদিকদের সম্মান দিতে, আরেকদিকে তথ্যমন্ত্রী চান ৫৭ ধারা বহাল থাকুক।”

ওয়েজ বোর্ড গঠন নিয়েও তথ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর উল্টো দিকে চলছেন বলে মন্তব্য করেন তিনি।  

“আজকে যখন তথ্যমন্ত্রীর অপসারণ চাই, তা সরকারের বিরুদ্ধে বা প্রধানমন্ত্রীর বিরুদ্ধে বিদ্রোহ না। প্রধানমন্ত্রীকে যেই মন্ত্রী তার কাজের মধ্য দিয়ে বিব্রত করছেন, তা সবার নজরে আনা।”

বিএফইউজের মহাসচিব ওমর ফারুক বলেন, “তথ্যমন্ত্রী সাংবাদিকদের নবম ওয়েজ বোর্ড নিয়ে টালবাহানা করেছেন। ৫৭ ধারার পক্ষে অবস্থান নিয়েছেন। সাংবাদিক সমাজ এমন তথ্যমন্ত্রীকে তাদের অভিভাবক হিসেবে চায় না।”

অবস্থান কর্মসূচিতে ডিইউজের সাবেক সভাপতি মো. রফিক, সাবেক সাধারণ সম্পাদক কুদ্দুস আফ্রাদ, বর্তমান সাধারণ সম্পাদক সোহেল হায়দার চৌধুরী, বিএফইউজের যুগ্ম সম্পাদক পুলক ঘটক, ডিইউজের সাংগঠনিক সম্পাদক শাহজাহান মিয়া, নির্বাহী সদস্য মর্তুজা হায়দার লিটন, ঢাকা রিপোর্টার্স ইউনিটের সভাপতি শাখাওয়াত হোসেন বাদশা, সাধারণ সম্পাদক মুরসালীন নোমানী বক্তব্য রাখেন।