২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রূপনগরে দুর্ঘটনায় মোটর সাইকেল আরোহীর মৃত্যু

রাজধানীর রূপনগরে সড়ক দুর্ঘটনায় মোটর সাইকেল আরোহী এক যুবকের মৃত্যু হয়েছে।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jul 2017, 07:02 PM

Updated : 19 Aug 2022, 05:10 PM

রোববার সকালে ইস্টার্ন হাউজিং এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে রূপনগর থানার ওসি সৈয়দ সহিদ আলম জানান।

নিহত উজ্জ্বল হোসেন বিপ্লব (২৪) মিরপুরে বাংলালিংকের বিক্রয় প্রতিনিধির কাজ করতেন। পাশাপাশি তিনি মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির আইন বিভাগের চতুর্থ বর্ষে পড়তেন বলে তার স্ত্রী মেরিনা আক্তার জানিয়েছেন।

ওসি সহিদ আলম জানান, বিপ্লব ইস্টার্ন হাউজিং এলাকা পার হওয়ার সময় একটি অটোরিকশাকে পাশ কাটাতে গিয়ে দুর্ঘটনায় পড়েন।

“ওভারটেক করতে গিয়ে বিপ্লবের মোটরসাইকেল অটোরিকশার সাথে আটক যায় এবং পরে বিপ্লব রাস্তার পাশে ছিটকে পড়ে গুরুতর আহত হন।”

প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নেওয়ার পর বিপ্লবের অবস্থার অবনতি হলে বেলা ১১টার দিকে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সেই অটোরিকশা শনাক্ত করা সম্ভব হয়নি জানিয়ে ওসি বলেন, “স্বজনরা এসে ময়নাতদন্ত ছাড়াই বিপ্লবের মরদেহ নিয়ে গেছেন।”

বিপ্লবের স্ত্রী মেরিনা আক্তার জানান, তাদের বাসা মিরপুর ১১ নম্বরে। সেখান থেকে মোটর সাইকেলে কাজে যাওয়ার সময় তার স্বামী দুর্ঘটনায় পড়েন।

বিপ্লবের গ্রামের বাড়ি রাজশাহীর পুঠিয়ার মঙ্গলপাড়ায়। তার বাবার নাম হযরত প্রামানিক।