২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আলোকচিত্রে জীবনের নানা রঙ

পেশাদার ও শখের আলোকচিত্রীদের শতাধিক আলোকচিত্র নিয়ে জাতীয় শিল্পকলা একাডেমিতে শুরু হয়েছে ঢাকা ইউনিভার্সিটি ফটোগ্রাফি সোসাইটির (ডিইউপিএস) চতুর্থ আলোকচিত্র উৎসব।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jul 2017, 02:37 AM

Updated : 11 Oct 2022, 02:19 PM

সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর শনিবার বিকালে একাডেমির জাতীয় চিত্রশালার ৬ নম্বর গ্যালারিতে এই প্রদর্শনী ও উৎসবের উদ্বোধন করেন।

দেশের বিভিন্ন স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও তরুণদের ১১১টি আলোকচিত্র ঠাঁই পেয়েছে এই প্রদর্শনীতে। দেশের অন্যতম প্রবীণ আলোকচিত্রী নাসির আলী মামুনও এতে অংশ নিয়েছেন। তার আটটি আলোকচিত্র ঠাঁই পেয়েছে প্রদর্শনীতে।

আলোকচিত্রগুলোকে সাজানো হয়েছে ছয়টি ক্যাটাগরিতে। পাঁচটি ক্যাটাগরিতে সেরা ছবির জন্য ১৫ জন আলোকচিত্রী পেয়েছেন সম্মাননা ক্রেস্ট।

স্কুল-কলেজ ক্যাটাগরিতে ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজের তানজিদ আহমেদ অপুর তোলা চরাঞ্চলের ছবি জিতেছে প্রথম পুরস্কার। প্রযুক্তির আগ্রাসনে হারিয়ে যাওয়া গ্রামীণ জনপদের বদলে যাওয়া জীবনধারা উঠে এসেছে তার আলোকচিত্রে। এই ক্যাটাগরিতে দ্বিতীয় পুরস্কার পাওয়া বেগমগঞ্জের টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের হিমেল চক্রবর্তী ও ময়মনসিংহ জেলা স্কুলের ফারহিদ রুখশাদ অয়নের ছবিতে উঠে এসেছে গ্রামের এক স্কুল আর ফানুস উৎসবের গল্প।

সূর্যোদয়ের আলো মেখে স্কুল বা কলেজপড়ুয়া তরুণ আলোকচিত্রীর দলটি শহর ছেড়ে কখনও বেরিয়ে পড়েছে দূরের কোনো গ্রামের পথে। যেতে যেতে তারা দেখেছে কুয়াশামোড়া ভোরে ব্যস্ত কোনো নদীঘাট, দেখেছে ধানক্ষেতের আইল ধরে ছুটে চলা ব্যস্ত কৃষক, দেখেছে মধ্য দুপুরে পানাপুকুরে গ্রাম্য মেয়ের অবাধ সাঁতার।

ফেরার পথে তারা গিয়েছিল উপাসনালয়ে, পথে দেখা হয়েছে বিচিত্র পেশার আজব সব মানুষের সঙ্গে। প্রকৃতির বিচিত্র সব অনুষঙ্গ বাদ গেলে কি আর চলে! তরুণদের দলটি যখন শহরে ফিরল, শহর তখন ভাসছে বানের জলে। দিনযাপনের এমন সব গল্প উঠে এসেছে স্কুল-কলেজ শাখায়। খুদে দলটির অনেকের হাতে নেই আধুনিক ক্যামেরা, নেই দামি লেন্স। হাতের মোবাইল দিয়ে তারা তুলে এনেছে দারুণ সব গল্প।

মোবাইলে তোলা ছবি দিয়ে বাজিমাত করেছেন নর্থসাউথ বিশ্ববিদ্যালয়ের তাহিয়া ফারিন হক। উৎসবের সবচেয়ে দামি পুরস্কার ‘গ্র্যান্ড প্রাইজ’টি জিতে নিয়েছেন তিনি। পড়ন্ত বিকেলে হাতিরঝিলে ঘুরতে আসা উচ্ছ্বল দুই তরুণীর ছবিতে তিনি বলতে চেয়েছেন উদ্যম তারুণ্যের কথা।

পেশাদার বা শখের ফটোগ্রাফি ক্যাটাগরিতে প্রথম হয়েছেন হাসান মাহমুদ প্রত্যয়, সবুজ বনানী তার ছবির বিষয়। পরিবার আর সমাজের বাধা উপেক্ষা করে কিশোরীর স্কুলে যাওয়া, বৌদ্ধভিক্ষুদের প্রাতঃবিহার, প্রাণের টানে বাড়ি ফেরার গল্পগুলো উঠে এসেছে তাদের ফ্রেমে।

ডিইউপিএস একাদশ বার্ষিক ক্যাটাগরিতে সেরা আলোকচিত্রটি রাফিজ ইমতিয়াজের। মাদ্রাসার শিক্ষার্থীদের ক্রিকেট খেলার একটি মুহূর্ত তিনি ফ্রেমবন্দি করেছেন। নাগরিক জীবনের দুর্ভোগ, হা-পিত্যেষ আর রঙবদলের গল্পগুলো তুলে এনেছেন ডিইউপিএসের আলোকচিত্রীরা।

দুঃখবোধ বা দুশ্চিন্তা কখনও কুড়ে খায় তরুণদের, হতাশা এসে গ্রাস করে তাদের। দুশ্চিন্তাগ্রস্ত কোনো এক তরুণের চরম একাকিত্বের মুহূর্তগুলো ফ্রেমবন্দি করেছেন আম্বিয়া আর শাখি। তিনি জিতেছেন ফটো স্টোরি সিরিজের সেরা পুরস্কারটি।

উৎসব উদ্বোধনের সময় সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর বলেন, “অবসর সময়ে তরুণরা গল্পগুজব না করে সৃজনশীল কাজে নিজেদের জড়িয়েছে। ভালোবাসার জায়গা থেকে তাদের কেউ কেউ আজকে ফটোগ্রাফিকে পেশা হিসেবেও নিয়েছে। আমার মনে হয়, ফটোগ্রাফির অবস্থা এখন ‍তুলনামূলক ভালো। ফটোগ্রাফি যেন এক আন্দোলনে পরিণত হয়ে গেছে।”

৩১ জুলাই উৎসবের সমাপনী অনুষ্ঠানে আলোকচিত্রী নাসির আলী মামুনকে ডিইউপিএসের পক্ষ থেকে আজীবন সম্মাননা দেওয়া হবে।