বিচারক নিয়োগে সরকারের হস্তক্ষেপ যত কম ততই মঙ্গল: প্রধান বিচারপতি
বিচারক নিয়োগে রাজনৈতিক সরকারের হস্তক্ষেপ যত কম থাকবে, তা বিচার বিভাগের জন্য ততই মঙ্গল বলে মন্তব্য করেছেন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা।
শনিবার এক আলোচনা সভায় তিনি বলেন, “আমাদের দেশে মামলার অনুপাতে বিচারকের কোনো নির্দিষ্ট সীমারেখা নেই। পৃথিবীর প্রত্যেকটা দেশেই মামলা সংখ্যা অনুপাতে বিচারক নিয়োগের বিধান আছে, আইনও আছে।
“হাই কোর্টে আমাদের একটা রেওয়াজ চলে আসছে, রাজনৈতিক সরকার চলে আসলে যেহেতু আমাদের কোনো সংখ্যা নির্ধারণ করা নেই, ইচ্ছামতো বিচারক নিয়োগ দিয়ে দিই। এটা ঠিক না। আমাদের হয়ত সময় চলে আসছে হাই কোর্টে, আপিল বিভাগে কতজন বিচারক থাকবেন তা নির্ধারণ করার।
“একটি নির্দিষ্ট সংখ্যা যদি নির্ধারণ হয়ে যায়, তাহলে রাজনৈতিক হস্তক্ষেপটা কমে যায়। বিচার বিভাগে যত রাজনৈতিক হস্তক্ষেপ থাকবে না, ততই বিচার বিভাগের জন্য মঙ্গল।”
সুপ্রিম কোর্ট মিলনায়তনে শনিবার সদ্য অবসরে যাওয়া আপিল বিভাগের বিচারপতি নাজমুন আরা সুলতানাকে আজীবন সম্মাননা প্রদান অনুষ্ঠানে একথা বলেন প্রধান বিচারপতি।
বিচারপতি সিনহা বলেন, “আপিল ভিাগ থেকে ম্যাডাম নাজমুন আরা চলে গেলেন। আগামী বছরের জানুয়ারিতে আমি চলে যাব। বিচারপতি আব্দুল ওয়াহাব মিঞাও চলে যাবেন। এরপর আপিল বিভাগে বিচারকের অবস্থা খুব খারাপ হয়ে যাবে। ”
একদিনে আপিল বিভাগের বিচারক হওয়া যায় না মন্তব্য করে তিনি বলেন, “একটা বিচারকের ম্যাচিউরিটি আসতে সময় লাগে। তাই আমি সরকারকে অনুরোধ করব, আপিল বিভাগে অন্তত তিনজন বিচারক নিয়োগ করার জন্য।”
দেশের প্রথম নারী বিচারপতি নাজমুন আরার এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে বাংলাদেশ মহিলা জজ এসোসিয়েশন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা। বিশেষ অতিথি ছিলেন আইনমন্ত্রী আনিসুল হক।
আইনমন্ত্রীকে এক মঞ্চে পেয়ে প্রধান বিচারপতি বলেন, “বিচার বিভাগের অভিভাবক হিসেবে আমাদের সৌভাগ্য হয় না মাননীয় আইনমন্ত্রীকে একই প্লাটফর্মে পাওয়ার। আমার বিচার বিভাগের কিছু দীনতার কথা না বললেই নয়, একটু অপূর্ণ থেকে যাবে।’
এর পরই প্রধান বিচারপতি স্বাধীনতার পূর্বাপর সুপ্রিম কোর্ট প্রতিষ্ঠার ইতিহাসের ওপর আলোকপাত করে বিচার বিভাগের বর্তমানের নানা সঙ্কট, সমস্যার কথা তুলে ধরেন।
তিনি বলেন, “আমাদের মূল যে হাই কোর্ট বিল্ডিং এটাতে বৃষ্টির দিনে পানি চুইয়ে পড়ে, একেবারে আমি যে চেয়ারে বসি সেই চেয়ারে। আমি যে চেম্বারে বসি সে চেম্বারে পানি পড়ে। আদালতের রেকর্ড রুমে পানি পড়ে। এটার আগে থেকেই ভঙ্গুর অবস্থা, সেসব চিন্তা ভাবনা থেকে প্রধান বিচারপতি হিসেবে দায়িত্ব নেওয়ার পরে আমরা একটা প্রজেক্ট নেই সুপ্রিম কোর্ট সম্প্রসারণের জন্য।
“বিচারক যারা আছেন তারা কিন্তু পুরাতন ভবনের বারান্দায় চেম্বার করে বসেন। আমাদের কোনো রুম নেই। ৪০-৪৫ জনেরও বেশি বিচারকের কোনো চেম্বার নেই। এখন তাদের বারান্দায় বসতে হচ্ছে। আমাদের মহিলা বিচারক আছেন তাদের কর্মচারী আছেন, তাদের শিশু সন্তানদের রাখার জন্য একটা সেন্টার করার জায়গা করতে পারছি না। আমাদের নিরাপত্তা পুলিশ যারা থাকে তাদের জন্য একটা টয়লেটের সংস্থান দিতে পারছি না। এই বিবেচনায় আমরা একটা ২০তলা বিশিষ্ট প্রশাসনিক ভবনের প্রস্তাব করি। সেই প্রশাসনিক ভবনটা একনেক পর্যন্ত গিয়ে অজ্ঞাত কারণে ফেরত পাঠানো হয়েছে।”
এছাড়া কয়েক বছর ধরে সুপ্রিম কোর্টের দ্বিতীয় এনেক্স ভবনের জন্য চেষ্টা থাকলেও তা এখন পর্যন্ত একনেকে ওঠেনি বলে জানান তিনি।
একটি প্রতিবেদনের বরাত দিয়ে প্রধান বিচারপতি বলেন, “এই সুপ্রিম কোর্ট ভবন সর্বোচ্চ হলে ৫-৬ বছরের বেশি টিকবে না। ভেঙে ফেলতে হবে। এটা যদি ভেঙে পড়ে তাহলে আমাদের কী অবস্থা হবে, এটা বলা মুশকিল।
“আমাদের দুটা রেকর্ডরুম পুরাতন ভবনে অবস্থিত। তাই আপনার (আইনমন্ত্রী) কাছে অনুরোধ করব, আমাদের ২০তলা বিশিষ্ট প্রস্তাবিত যে প্রশাসনিক ভবন সেটা একনেকের পরবর্তী যে কোনো সভায় পাশ করান।”
এবার বাজেটের আগে অর্থমন্ত্রীকে চিঠি দিয়েও সুপ্রিম কোর্টের উন্নয়নের জন্য কোনো বরাদ্দ না পাওয়ার কথা জানিয়ে সিনহা বলেন, “এবার জাতীয় সংসদের জন্য উন্নয়ন খাতে বরাদ্দ হয়েছে ১৬ কোটি ৪২ লাখ টাকা। আর আমাদের জন্য একটা টাকাও বরাদ্দ হয়নি।”
জেলা জজদের পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা এবং বিচারকদের প্রশিক্ষণে একাডেমির প্রস্তাব করেন প্রধান বিচারপতি।
তিনি বলেন, “আমাদের জুডিশিয়াল ট্রেনিং ইনস্টিটিউট, সেখানে কোনো ব্যাচের ৪০ জনের বেশি একোমোডেট করতে পারি না।
“বিচারক হিসেবে যারা নতুন নিয়োগ পায় তাদের জন্য মিনিমাম ছয় মাসের ট্রেনিংয়ের ব্যবস্থা আমরা করেছিলাম। কিন্তু জুডিশিয়াল ট্রেনিং ইনস্টিটিউটে সঙ্কুলানের অভাবে দুই মাসের বেশি ট্রেনিং দিতে পারছি না।”
অবসরপ্রাপ্ত বিচারপতি নাজমুন আরা সুলতানাকে নারী বিচারকদের ‘পথ প্রদর্শক’ অভিহিত করে প্রধান বিচারপতি বলেন, “চাঁদে পদার্পন করার আগে যেমন পাথ ফাইন্ডার পাঠিয়েছিল, নাজমুন আরা সুলতানা ঠিক তেমনি পথ প্রদর্শক হিসেবে বিচার বিভাগে আবির্ভূত হয়েছেন।”
আইনমন্ত্রী আনিসুলহক বলেন, “বিচারপতি নাজমুন আরা সুলতানা বাংলাদেশের প্রথম নারী বিচারক, সুপ্রিম কোর্টের হাই কোর্ট ও আপিল বিভাগের প্রথম নারী বিচারপতি। এই অবস্থান তৈরি করতে তাকে পার করতে হয়েছে নানা প্রতিকূলতা, বাধা-বিপত্তি। তবে সবকিছু জয় করে তিনি এখন দেশ ও বিচার বিভাগের ইতিহাসের অংশ।
“তার এগিয়ে চলার কাহিনী আজকের সকল নারী বিচারকদের জন্যই অনুকরণীয় ও অনুসরণীয়।”
অনুষ্ঠানে অন্যদের মধ্যে আপিল বিভাগের বিচারপতি মো. আবদুল ওয়াহাব মিঞা, বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন, হাই কোর্ট বিভাগের বিচারপতি সালমা মাসুদ চৌধুরী, সাবেক জেলা জজ ও মহিলা জজ এসোসিয়েশনের সাবেক সভাপতি নুরুন্নাহার ওসমানী, খুলনার সিনিয়র জেলা জজ জেসমিন আরা, কমিল্লার অতিরিক্ত জেলা জজ বেগম জেবুন্নেসা, সিলেটের যুগ্ম জেলা জজ উম্মে শারাবান তহুরা, নোয়াখালীর সিনিয়র সহকারী জজ ফারহানা ভূইয়া, কিশোরগঞ্জের সহকারী জজ মহসিনা হোসেন তুসি বক্তব্য দেন।
নারায়ণগঞ্জের জেলা জজ ও এসোসিয়েশনের সহ-সভাপতি হোসনে আরা আকতারের সঞ্চলনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সমিতির মহাসচিব ঢাকার সিএমএম জেসমিন আরা বেগম।
অনুষ্ঠানে বিচারপতি নাজমুন আরা সুলতানার হাতে আজীবন সম্মাননার ক্রেস্ট তুলে দেন প্রধান বিচারপতি। তাকে উত্তরীয় পরিয়ে দেন আইনমন্ত্রী আনিসুল হক।
বক্তব্যে বিচারপতি নাজমুন আরা সুলতানা বলেন, “বিচারিক জীবনে দায়সারাভাবে কোনো বিচার করিনি। জেনে বুঝে অবহেলা, অমনযোগীভাবে ভুল বা অন্যায় বিচার করিনি।”
মনোযোগ ও একাগ্রতা দিয়ে বিচার করার আহ্বান জানিয়ে নারী বিচারকদের উদ্দেশ্যে তিনি বলেন, “এখানে কঠিন পরিশ্রম করতে হবে। অবহেলা বা অমনোযোগিতার কোনো সুযোগ নেই। দ্রুত বিচারের লক্ষ্যে কঠিন পরিশ্রম করবে। ন্যায়বিচার করবে।”
অনুষ্ঠানে বিচারপতি নাজমুন আরা সুলতানার স্বামীসহ পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।
১৯৭৫ সালের ২০ ডিসেম্বর বিচার বিভাগে যোগ দেওয়া নাজমুন আরার শেষ কর্মদিবস ছিল গত ৬ জুলাই। সুপ্রিম কোর্টের পঞ্জিকা অনুসারে তার অবসরের মেয়াদ ৭ জুলাই হলেও ওইদিন শুক্রবার হওয়ায় আগের দিন বৃহস্পতিবারই শেষ হয় তার কর্মদিবস।
