২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাবি ‘ক্যাম্পাস জার্নালিজম অ্যাওয়ার্ড’ পেলেন ৬ সাংবাদিক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিবেদক তপন কান্তি রায়সহ ছয় সাংবাদিক এবার ক্যাম্পাস জার্নালিজম অ্যাওয়ার্ড পেয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jul 2017, 02:01 AM

Updated : 12 Apr 2022, 12:02 AM

পুরস্কারপ্রাপ্তরা অন্যরা হলেন- দৈনিক যুগান্তরের মাহমুদুল হাসান নয়ন, ডেইলি স্টারের মো. মাহদী-আল-মুহতাসিম নিবিড়, অবজারভার’র মো. আব্দুল করিম, বণিক বার্তার সাইফ সুজন এবং প্রথম আলোর এ আর এম আসিফুর রহমান।

শুক্রবার বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক পুরস্কারপ্রাপ্তদের হাতে ক্রেস্ট ও সনদপত্র তুলে দেন।

ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির ‘শহীদ শাহ চিশতী হেলালুর রহমান ট্রাস্ট ফান্ড’ ও ‘মনোয়ার আহমেদ স্মৃতি ট্রাস্ট ফান্ড’ থেকে এই পুরস্কার দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আরেফিন সিদ্দিক বলেন, “তথ্য ও মেধা বিশ্বের অগ্রগতির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলছে। এ ক্ষেত্রে সাংবাদিকরা অগ্রণী ভূমিকা রাখছে। তাই সাংবাদিকদের উচিৎ বস্তুনিষ্ঠ ও যথাযথ তথ্য প্রদান করে দেশ ও জাতির সেবা করা।”

স্বাগত বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের চেয়ার্পাসন অধ্যাপক মফিজুর রহমান বলেন, “একটি সংবাদ ইতিবাচক ও নেতিবাচক হতে পারে। অনেক সময় দেখা গেছে, শিরোনাম নেতিবাচক কিন্তু মূলত সংবাদটি ইতিবাচক ছিল। এজন্য বিশ্ববিদ্যালয়ে কর্মরত সাংবাদিকদের অফিসের সঙ্গে সম্পর্কের উন্নয়ন ঘটাতে হবে, বলতে হবে যে শিরোনাম ইতিবাচক বা নেতিবাচক দিতে হবে।”

ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সভাপতি ফরহাদ উদ্দীন বলেন, “এই পুরস্কার প্রদান করে আমার ক্যাম্পাস সাংবাদিকদের মেধার স্বীকৃতি দেয়ার চেষ্টা করেছি। এই স্বীকৃতি ক্যাম্পাসে কর্মরত তরুণ সাংবাদিকদের দেশের উচ্চ শিক্ষা ও জাতি গঠনে অগ্রণী ভূমিকা রাখতে উৎসাহিত করবে।”