রাজধানীতে জেএমবি সন্দেহে গ্রেপ্তার ১
রাজধানীর তেজগাঁও থেকে জেএমবি সদস্য সন্দেহে একজনকে গ্রেপ্তার করেছে র্যাব।
বুধবার রাতে তেজগাঁও শিল্প এলাকার পূর্ব নাখালপাড়া থেকে নবীন হোসেন রাব্বী নামে ওই ব্যক্তিকে (৩৩) গ্রেপ্তার করে র্যাব-১১ সদস্যরা।
রাব্বী নিষিদ্ধ জঙ্গি সংগঠন জেএমবির ‘সারোয়ার-তামিম’ গ্রুপের সদস্য বলে র্যাবের ভাষ্য।
বৃহস্পতিবার র্যাবের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, রাব্বী নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানায় সন্ত্রাস দমন আইনের এক মামলার আসামি।
“সে রাজধানীর রামপুরা ও মগবাজার এলাকায় জঙ্গি সংগঠন জেএমবির পক্ষে নতুন সদস্য সংগ্রহের জন্য দাওয়াতি কাজে অংশ নিত। তার সঙ্গে পলাতক এবং কারাগারে থাকা জেএমবি সদস্যদের ঘনিষ্ঠ যোগাযোগ রয়েছে।”
২০১৫ সাল থেকে রাব্বী মিরপুরের মাওলানা আব্দুল হাকিমের মসজিদে যাতায়াত শুরু করেন এবং সেখান থেকে অনুপ্রাণিত হয়ে জেএমবিতে জড়িয়ে পড়েন বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।
পরে ২০১৬ সালে ঢাকার নন্দীপাড়ার কোরআন সুন্নাহ একাডেমি মসজিদের খতিব শায়খ আরিফ হোসেনের মাধ্যমে জেএমবির ‘সারোয়ার-তামীম’ গ্রুপে যোগ দেন রাব্বী।
রাব্বী নারায়ণগঞ্জ, বগুড়া, চাঁদপুর এবং ঢাকা জেলার বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে জেএমবির পক্ষে দাওয়াতি কাজে অংশ নিতেন বলে র্যাব জানিয়েছে।
