এশিয়া বার্তার বার্তা সম্পাদক নজরুল ইসলামের মৃত্যু
সাপ্তাহিক এশিয়া বার্তার বার্তা সম্পাদক জাতীয় প্রেসক্লাবের প্রবীণ সদস্য নজরুল ইসলাম রেনু মারা গেছেন।
পরিবারের সদস্যরা জানান, চট্টগ্রামে মেয়ের বাসায় বেড়াতে গিয়ে সোমবার গভীর রাতে নজরুল ইসলামের মৃত্যু হয়। তার বয়স হয়েছিল ৭১ বছর।
বঙ্গবন্ধুর আর্দশের অনুসারী নজরুল ইসলাম খান সাংবাদিকতার পাশাপাশি মৃত্যুর আগ পর্যন্ত কৃষক শ্রমিক আওয়ামী লীগ-বাকশালের সাধারণ সম্পাদক ছিলেন।
রাষ্ট্রীয় সংবাদ সংস্থা বাসসে দীর্ঘদিন কাজ করা এই সাংবাদিক ২০০৫ সালে অবসরে যান।
মঙ্গলবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে জানাজা শেষে নজরুলের মরদেহ লক্ষ্মীপুরের রামগঞ্জে নিয়ে যাওয়া হয়। সেখানে পারিবারিক কবরাস্থানে তাকে দাফন করা হবে।
প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী, সাবেক তথ্যমন্ত্রী ব্যারিস্টার নাজমুল হুদা, জাতীয় প্রেসক্লাবের সভাপতি মুহম্মদ শফিকুর রহমান, সহ-সভাপতি আজিজুল ইসলাম ভুঁইয়া, বাকশাল সভাপতি মাহবুব আলম, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের একাংশের মহাসচিব ওমর ফারুক, ঢাকা সাংবাদিক ইউনিয়নের একাংশের সভাপতি শাবান মাহমুদ, সাধারণ সম্পাদক সোহেল হায়দার চৌধুরী, জাতীয় প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ আবদাল আহমেদ জাতীয় প্রেসক্লাব প্রাঙ্গনে নজরুল ইসলামের জানাজায় অংশ নেন।
এর আগে তার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে বক্তব্য দেন জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমীনসহ সাংবাদিকদের বিভিন্ন সংগঠনের নেতারা।
জানাজার পর জাতীয় প্রেসক্লাব, বিএফইউজে, ডিইউজে, এশিয়াবার্তা, দোহার প্রেসক্লাব, জাতীয় প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক স্বপন সরকার, বর্তমান কোষাধ্যক্ষ কার্তিক চ্যাটার্জিসহ জ্যেষ্ঠ সাংবাদিকরা প্রয়াত এই সাংবাদিকের কফিনে ফুল দেন।
নজরুল ইসলাম স্ত্রী, এক ছেলে ও দুই মেয়ে রেখে গেছেন।
