সিরিজ বোমা হামলা: জেএমবির ৩ সদস্যের কারাদণ্ড
২০০৫ সালে সিরিজ বোমা হামলার ঘটনায় বিস্ফোরক আইনের মামলায় জামাআতুল মুজাহিদিন বাংলাদেশের (জেএমবি) তিন সদস্যকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছে আদালত।
সোমবার ঢাকার মহানগর এক নম্বর ট্রাইব্যুনালের বিচারক কামরুল হোসেন মোল্লা এই রায় দেন।
এরা হলেন- জেএমবি সদস্য আব্দুল্লাহ আল সাত্তার, রেজাউল করিম ও তারেক ইকবাল।
ট্রাইব্যুনালের রাষ্ট্রপক্ষের কৌসুঁলি তাপস পাল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সাত্তার ও রেজাউলকে ১৭ বছর সশ্রম কারাদণ্ড ও তারেক ইকবালকে ৮ বছরের কারাদন্ড দেওয়া হয়েছে।
সেই সঙ্গে তিন জনের প্রত্যেককে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ছয় মাসের কারাদণ্ডাদেশ দেন বিচারক।
তাপস বলেন, “রায়ে সাজার মেয়াদ থেকে হাজতের মেয়াদ বাদ যাবে বলে বিচারক উল্লেখ করায় মাত্র খুব অল্প সময় তাদের কারাগারে থাকতে হবে।”
রায়ে বলা হয়, এই তিন আসামি ২০০৫ সালের ১৭ অগাস্ট সকাল ১১টা ১০ মিনিট থেকে ১১টা ৩০ মিনিটের মধ্যে ঢাকার ফার্মগেট পানির ফোয়ারার উত্তর-পূর্ব পাশে ও মহাখালী বাস টার্মিনালের সামনে বোমা বিস্ফোরণ করে।
১২ বছর আগের এ ঘটনায় তেজগাঁও থানায় করা মামলায় ২০০৭ সালের ২৩ অক্টোবর অভিযোগপত্র দেওয়া হয়। একই বছরের ২৭ ডিসেম্বর তাদের বিরুদ্ধে অভিযোগ গঠন হয়।
মামলার বিচারকালে রাষ্ট্রপক্ষের ৪৭ জন সাক্ষীর মধ্যে ১৪ জনের সাক্ষ্য নেওয়া হয়েছে।
