২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দ্বিতীয় প্রান্তিকে মন্ত্রিসভার ৭২ শতাংশ সিদ্ধান্ত বাস্তবায়ন

চলতি বছর দ্বিতীয় প্রান্তিকে মন্ত্রিসভায় নেওয়া সিদ্ধান্ত বাস্তবায়নের হার ছিল ৭১ দশমিক ৬২ শতাংশ, যা আগের প্রান্তিকের চেয়ে সামান্য বেশি।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jul 2017, 09:03 PM

Updated : 19 Aug 2022, 05:07 PM

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সোমবার সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম সাংবাদিকদের এ তথ্য জানান।

মন্ত্রিসভার বৈঠকে গৃহীত সিদ্ধান্ত বাস্তবায়নের বিষয়ে ২০১৭ সালের দ্বিতীয় ত্রৈমাসিক (এপ্রিল থেকে জুন)  প্রতিবেদন এদিন সভায় উপস্থাপন করা হয়। গত বছর একই সময়ে সিদ্ধান্ত বাস্তবায়নের হার ছিল ৭০ দশমিক ৬৫ শতাংশ।

মন্ত্রিপরিষদ সচিব বলেন, গত এপ্রিল থেকে জুন পর্যন্ত সময়ে মন্ত্রিসভার নয়টি বৈঠক হয়। তাতে নেওয়া ৭৪টি সিদ্ধান্তের মধ্যে বাস্তবায়ন করা হয়েছে ৫৩টি। আর ২১টি সিদ্ধান্ত বাস্তবায়নাধীন। সিদ্ধান্ত বাস্তবায়নের হার ৭১ দশমিক ৬২ শতাংশ।

গত বছরের একই সময়ে মন্ত্রিসভার ১১টি বৈঠকে সিদ্ধান্ত হয় ৯২টি। তার মধ্যে ৬৫টি সিদ্ধান্ত বাস্তবায়িত হয়; বাস্তবায়নাধীন ছিল ২৭টি। বাস্তবায়নের হার ছিল ৭০ দশমিক ৬৫ শতাংশ।

শফিউল আলম জানান, এপ্রিল থেকে জুন পর্যন্ত সময়ে মন্ত্রিসভার বৈঠকে দুটি নীতি বা কর্মকৌশল, ১১টি চুক্তি বা সমঝোতা স্মারক (এমওইউ) অনুমোদিত হয়েছে। এ সময়ে সংসদে পাঁচটি আইন পাস হয়েছে।

২০১৬ সালের এপ্রিল থেকে জুন পর্যন্ত সময়ে মন্ত্রিসভার বৈঠকে নীতি বা কর্মকৌশল অনুমোদিত হয়েছিল দুটি। আর নয়টি চুক্তি বা সমঝোতা স্মারক (এমওইউ) সরকারের অনুমোদন পায়। ওই সময় সংসদে মোট ২০টি আইন পাস হয়েছিল বলে মন্ত্রিপরিষদ সচিব জানান।

এদিন ‘বাংলাদেশ সংবাদ সংস্থা আইন,২০১৭’ এর খসড়া অনুমোদনের জন্য মন্ত্রিসভায় উপস্থাপন করা হলেও তাতে ‘কিছু শব্দগত সমস্যা’ থাকায় সেগুলো সংশোধন করে পরবর্তী বৈঠকে আবার তুলতে বলা হয়েছে।

বৈঠকে ডি-৮ সদস্য দেশগুলোর সঙ্গে ‘প্রিফারেনশিয়াল ট্রেড এগ্রিমেন্ট’- এ অনুসমর্থনের প্রস্তাব অনুমোদন দেওয়া হয় বলে মন্ত্রিপরিষদ সচিব জানান।

তিনি বলেন, ২০০৬ সালে মন্ত্রী পর্যায়ে স্বাক্ষরিত ওই চুক্তি সে সময় অনুসমর্থন করা হয়নি। বাংলাদেশের সুবিধা বাড়ানোর জন্য এরপর দীর্ঘদিন আলোচনা চলে। কিন্তু সদস্য দেশগুলো তাতে রাজি হয়নি।

“অবশেষে বাণিজ্য মন্ত্রণালয় সিদ্ধান্ত নিল, ঝুলিয়ে রেখে লাভ নেই, যেটি দেওয়া হয়েছে সেটাতেই রাজি হই। মন্ত্রিসভা আজ অনুসমর্থনের সিদ্ধান্ত দিয়েছে।”