২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইউএনও সালমনের মামলা তুললেন সাজু

দেশজুড়ে সমালোচনা ও দল থেকে বহিষ্কার হওয়ার পর বরিশালের আওয়ামী লীগ নেতা ওবায়েদ উল্লাহ সাজু বরগুনা সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা গাজী তারিক সালমনের বিরদ্ধে করা মামলাটি প্রত্যাহার করে নিয়েছেন।

বরিশাল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jul 2017, 12:58 PM

Updated : 11 Oct 2022, 02:18 PM

রোববার তিনি বরিশালের হাকিম আদালতে হাজির হয়ে মামলা প্রত্যাহারের আবেদন করলে অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম অমিত কুমার দে তা মঞ্জুর করেন।

তারিক সালমন বরিশালের আগৈলঝাড়ার ইউএনও থাকাকালে স্বাধীনতা দিবসের অনুষ্ঠানের আমন্ত্রণপত্রে ‘বঙ্গবন্ধুর ছবি বিকৃত করে ছাপিয়েছিলেন’ অভিযোগ করে গত ৭ জুন মামলা করেন বরিশাল জেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক ওবায়েদ উল্লাহ সাজু যিনি জেলা আইনজীবী সমিতির সভাপতির দায়িত্বে আছেন।

ওই মামলায় সমন জারির প্রেক্ষাপটে নির্ধারিত দিন ১৯ জুলাই আদালতে হাজির হন তারিক সালমন। এরপর তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন বরিশালের মুখ্য মহানগর হাকিম আদালতের বিচারক মো. আলী হোসাইন। একই বিচারক দুই ঘণ্টা পর ইউএনও তারিকের জামিন মঞ্জুর করেন।

তারিক সালমন জানিয়েছেন, আগৈলঝাড়া উপজেলায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিবস ও জাতীয় শিশুদিবস-২০১৭ উপলক্ষে আয়োজিত চিত্রাঙ্কন প্রতিযোগিতায় প্রথম ও দ্বিতীয় পুরস্কারপ্রাপ্ত দুই শিশুর আঁকা দুটি ছবি ব্যবহার করে স্বাধীনতা দিবসের  আমন্ত্রণপত্রটি তৈরি করা হয়েছিল।

“এর উদ্দেশ্য ছিল বঙ্গবন্ধুর প্রতি শিশুদের ভালবাসা সৃষ্টি এবং ছবি আঁকার প্রতি তাদের আগ্রহী করে তোলা।”

আদালত প্রাঙ্গনে ইউএনও তারিককে পুলিশ ধরে নেওয়ার ছবি প্রকাশ হলে সামাজিক যোগাযোগ মাধ্যমে তীব্র সমালোচনা শুরু হয়। ক্ষোভ প্রকাশ করে ঘটনার জন্য দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা চেয়ে বিবৃতি দেয় সরকারি কর্মকর্তাদের সংগঠন বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশন।

তারিক সালমনকে গ্রেপ্তারের ওই ঘটনায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাও বিস্মিত হয়েছেন জানিয়ে তার উপদেষ্টা এইচ টি ইমাম গণমাধ্যমকে বলেন, ওই ছবিতে বিকৃত করার মতো কিছু তারা দেখেননি বরং এটি একটি ‘সুন্দর কাজ’, রীতিমত ‘পুরস্কার পাওয়ার যোগ্য’।

এরপর গত শুক্রবার সন্ধ্যায় আওয়ামী লীগের পক্ষ থেকে সাজুকে সাময়িক বহিষ্কার করে কারণ দর্শাও নোটিস পাঠানোর কথা জানানো হয়।

দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সেদিন বলেন, “অহেতুক, অতি উৎসাহী হয়ে ইউএনওর বিরুদ্ধে মামলা করেছে ওবায়েদ উল্লাহ সাজু। আওয়ামী লীগের গঠনতন্ত্র  অনুযায়ী তাকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।”

তারিক সালমনকে নাজেহালের দিন বরিশালের আদালতে দায়িত্বরত পুলিশের ছয় সদস্যকেও শনিবার সরিয়ে দেওয়া হয়।

মামলা প্রত্যাহারের পর ওবায়েদ উল্লাহ সাজু বলেন, ‘ভুল বোঝাবুঝি থেকে’ এ ঘটনা ঘটেছে। বঙ্গবন্ধুর ছবিটি এক শিশুর আঁকা এ কথা তার জানা ছিল না। এছাড়া বঙ্গবন্ধুর ছবি ‘কার্ডের পিছনের পাতায় থাকায়’ তিনি মামলাটি করেছিলেন।

“পরে ইউএনও কার্ডের প্রথম পাতায় বঙ্গবন্ধুর ছবি ছাপিয়েছিলেন। ওই ছবি তিনি আদালতে জমা দেওয়ায় মামলা প্রত্যাহার করে নেওয়া হয়েছে।”

কে এই সাজু

ক্ষমতাসীন দলের স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে কথা বলে জানা যায়, ওবায়েদ ‍উল্লাহ সাজু আওয়ামী লীগের রাজনীতিতে সক্রিয় হন ২০০৮ সালের পর।

বরিশাল মহানগর আওয়ামী লীগের সহ সভাপতি আফজালুল করিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সাজু আগে বিএনপির রাজনীতি করতেন। বিএনপির সাবেক ধর্ম বিষয়ক প্রতিমন্ত্রী মোশারেফ হোসেন শাজাহানের ঘনিষ্ট হিসেবে তাকে মানুষ চিনত।”

মোশারেফ হোসেন শাজাহানের মৃত্যুর পর বিএনপিতে সাজুর অবস্থান দুর্বল হয়ে যায়। এরপর ২০০৮ সালে আওয়ামী লীগ ক্ষমতায় এলে ‘প্রভাবশালী এক নেতার হাত ধরে’ তিনি দলে সক্রীয় হন বলে আফজালুল করিমের ভাষ্য।

পেশায় আইনজীবী ওবায়েদ ‍উল্লাহ সাজু জমি বেচাকেনার ব্যবসাতেও জড়িত।

তার বিরুদ্ধে বিভিন্ন সময়ে জমি দখল ও টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে জানিয়ে আফজালুল করিম বলেন, “তার এসব কর্মকাণ্ডে আওয়ামী লীগ ক্ষতিগ্রস্ত হয়েছে।”

‘মহল বিশেষের ইন্ধন’

গাজী তারিক সালমন এর আগে বলেছিলেন, তিনি বরিশালের আগৈলঝাড়ার ইউএনও থাকাকালে তার কয়েকটি ‘কঠোর প্রশাসনিক সিদ্ধান্তের’ কারণে ‘নাখোশ মহলের বিশেষের ইন্ধনে’ ওই মামলা করা হয় বলে তার সন্দেহ।

গত এপ্রিলে এইচএসসি পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে আগৈলঝাড়ার শহীদ আব্দুর রব সেরনিয়াবাত ডিগ্রি কলেজ কেন্দ্রে পিয়াল নামের এক পরীক্ষার্থীকে বহিষ্কার করেন ইউএনও গাজী তারিক সালমন। বহিষ্কার হওয়ার পর পিয়াল ইউএনওর সঙ্গে অসদাচরণ করলে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়।

পিয়ালকে নকল সরবরাহের দায়ে একই দিনে ওই কলেজের দপ্তরি নারায়ণকে দুই মাসের কারাদণ্ড দেয় ভ্রাম্যমাণ আদালত। এছাড়া নকল সরবরাহের দায়ে কলেজের প্রভাষক অরুণ বাড়ইকে পরীক্ষা সংক্রান্ত যাবতীয় কার্যক্রম থেকে বিরত রাখা হয়।

তারিক সালমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ২০১৫-১৬ অর্থবছরে আগৈলঝাড়া উপজেলার সোলার প্যানেল স্থাপনের জন্য বরাদ্দ দেওয়া ৭৯ লাখ টাকা ফেরত পাঠান তিনি।

“স্থানীয় একটি মহল ওই টাকা তাদের নিজেদের মতো করে খরচ করতে চেয়েছিল। তাতে সফল না হয়ে তারা ক্ষুব্ধ হয়। এসব কারণে তারা মামলায় ইন্ধন দিয়েছে বলে সন্দেহ হচ্ছে।”  

পুরনো খবর

ইউএনওকে নাজেহাল: বরিশাল আদালতের ৬ পুলিশ প্রত্যাহার

মহল বিশেষের ইন্ধনে মামলা: ইউএনও তারিক

ইউএনও মামলার সেই বিচারকের ৮ মাসের ভাড়া বকেয়া

বঙ্গবন্ধুর ছবি: ইউএনওকে কারণ দর্শাতে বলেছিলেন ডিসি

ইউএনও নাজেহাল: ‘অতি উৎসাহী’ সেই আ. লীগ নেতা বহিষ্কার

ইউএনও নাজেহালে সরকারি কর্মকর্তাদের নিন্দা

বঙ্গবন্ধুর ছবি ‘বিকৃতি’, ২ ঘণ্টা হাজতে ইউএনও