২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিশ্ববিদ্যালয় ছাত্রদের মামলা প্রত্যাহার দাবিতে বিক্ষোভ

জাহাঙ্গীরনগর ও রাজশাহী বিশ্ববিদ্যালয়সহ দেশের বিভিন্ন স্থানে শিক্ষার্থীদের বিরুদ্ধে দায়ের করা ‘হয়রানিমূলক’ মামলা প্রত্যাহারের দাবি জানিয়েছে প্রগতিশীল ছাত্র জোট।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jul 2017, 12:05 AM

Updated : 19 Aug 2022, 05:07 PM

বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিক্ষোভ-সমাবেশ থেকে দ্রুত এসব মামলা প্রত্যাহার না হলে ‘বড় ধরনের’ আন্দোলনে যাওয়ার হুমকি দেওয়া হয়।

বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিন থেকে শুরু হয়ে বিক্ষোভ মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন স্থান ঘুরে কলাভবনের সামনে এসে শেষ হয়।

পরে সেখানে এক সমাবেশ থেকে জাহাঙ্গীরনগর ও রাজশাহী বিশ্ববিদ্যালয় এবং রাঙামাটি ও দিনাজপুরে ছাত্রদের বিরুদ্ধে করা ‘হয়রানিমূলক ও মিথ্যা মামলা’ প্রত্যাহারে নতুন কর্মসূচি ঘোষণা করা হয়।

সমাবেশে প্রগতিশীল ছাত্র জোটের সমন্বয়ক ও ছাত্র ইউনিয়ন সভাপতি জি এম জিলানী শুভ বলেন, “বিশ্ববিদ্যালয়ের আচরণ শিক্ষার্থীদের সঙ্গে যেমন হওয়ার কথা ছিল, আজ তার বিপরীত।

“আন্দোলনরত শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয় প্রশাসন অনুগত দাস বানাতে চায়।তারই ধারাবাহিকতায় শিক্ষার্থীদের নায্য অধিকার নিয়ে আন্দোলনকারী ছাত্র নেতাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিচ্ছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। কিন্তু প্রশাসনের এই হীন অপচেষ্টা সফল হয়নি। মিথ্যা মামলা দিয়ে আন্দোলন-সংগ্রাম বন্ধ করা যাবে না।”

দ্রুত এসব মামলা প্রত্যাহার না হলে সাধারণ শিক্ষার্থীদের নিয়ে বৃহত্তর পরিসরে আন্দোলন গড়ে তোলা হবে বলে সতর্ক করে দেন শুভ।

মামলা প্রত্যাহার দাবিতে আগামী ২৪ জুলাই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এবং ৩০ জুলাই রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ‘সংহতি সমাবেশ’ কর্মসূচির ঘোষণা দেন তিনি।

ছাত্র ফ্রন্টের কেন্দ্রীয় কমিটির একাংশের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন প্রিন্স বলেন, “বিশ্ববিদ্যালয় প্রশাসনগুলো এখন ফ্যাসিবাদী হয়ে উঠেছে। তার বহিঃপ্রকাশ হচ্ছে- শিক্ষার্থীদের বিরুদ্ধে হয়রানিমূলক মিথ্যা মামলা।”

অন্যদের মধ্যে ছাত্র ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সভাপতি গোলাম মোস্তফা, সাধারণ সম্পাদক জাহিদ সুজন এবং ছাত্র ফ্রন্টের অপর অংশের সাংগঠনিক সম্পাদক মাসুদ রানা সমাবেশে বক্তব্য দেন।