রাষ্ট্রপতির সঙ্গে বিদায়ী সুইডিশ দূতের সাক্ষাৎ
রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত সুইডিশ রাষ্ট্রদূত ইয়োহান ফ্রিসেল।
বুধবার বিকালে সুইজারল্যান্ডের বিদায়ী দূত বঙ্গভবনে যান বলে জানিয়েছেন রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন।
২০১৪ সালের ৩ নভেম্বর রাষ্ট্রপতির কাছে পরিচয়পত্র পেশের মাধ্যমে বাংলাদেশে কাজ শুরু করেন সুইডিশ দূত।
সাক্ষাৎ শেষে প্রেস সচিব জয়নাল আবেদীন বলেন, “রাষ্ট্রপতি সাফল্যের সাথে কাজ করার জন্য বিদায়ী রাষ্ট্রদূতকে ধন্যবাদ জানান। একইসঙ্গে স্বাধীনতার অল্প কিছুদিনের মধ্যে ১৯৭২ সালের ৪ ফেব্রুয়ারি বাংলাদেশকে স্বীকৃতি দেওয়ার জন্য সুইডিশ সরকার ও জনগণের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।”
রাষ্ট্রপতি এসময় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সম্প্রতি সুইডেন সফরের কথা উল্লেখ করে বলেন, প্রধানমন্ত্রীর এই সফর দুই দেশের সম্পর্কে নতুন অধ্যায়ের সূচনা করেছে। এর মাধ্যমে দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছাবে।
প্রেস সচিব বলেন, “বাংলাদেশের বিভিন্ন উন্নয়ন কাজে সুইডিশ ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট কোঅপারেশন এজেন্সি (সিডার) সহযোগিতার কথা উল্লেখ করে রাষ্ট্রপতি বলেন, এর ফলে বাংলাদেশে আর্থ-সামাজিক উন্নয়নে ইতিবাচক প্রভাব পড়ছে। তিনি আশা করেন, ভবিষ্যতে এই সহযোগিতা আরও সম্প্রারতি হবে।”
বাংলাদেশে রপ্তানি বহুমুখীতার কথা তুলে ধরে রাষ্ট্রপতি বলেন, বাংলাদেশ প্রচলিত খাতের বাইরে বিভিন্ন অপ্রচলিত পণ্য রপ্তানি করছে। তিনি এসব খাতে সুইডিশ বিনিয়োগকারীদের বিনিয়োগ করার আহ্বান জানান।
বিদায়ী দূত বলেন, সুইডেন বালাদেশে বিশেষ করে প্রত্যন্ত অঞ্চলের উন্নয়নে সহযোগিতা অব্যাহত রাখবে। তিনি বলেন, সুইডেন বাংলাদেশ থেকে তৈরি পোশাক নেয়; এ খাতের উন্নয়নে বিভিন্ন সহযোগিতা অব্যাহত রেখেছে।
বিদায়ী দূত এসময় তার দায়িত্ব পালনকালে সার্বিক সহযোগিতার জন্য রাষ্ট্রপতির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
