২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কাঁটাতারের বেড়া যেন বাধা না হয়: শর্মিলা ঠাকুর

ভারত-বাংলাদেশের বন্ধুত্বকে আরও এগিয়ে নেওয়ার আহ্বান জানিয়ে উপমহাদেশের জনপ্রিয় অভিনেত্রী শর্মিলা ঠাকুর বলেছেন, দুই দেশের মধ্যে কাঁটাতারের বেড়া যেন কখনও বাধা হয়ে না দাঁড়ায়।

জয়ন্ত সাহা

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jul 2017, 09:56 PM

Updated : 11 Oct 2022, 02:17 PM

তৃতীয়বারের মতো ঢাকায় এসেছেন শর্মিলা; এটিএন বাংলার ২১ বছরে পদার্পন উপলক্ষে আয়োজিত এক কনসার্টে যোগ দিতে। কনসার্টের আয়োজক চ্যানেল লাইভ এন্টারটেইনমেন্ট।

বাংলাদেশ আর রাজধানী ঢাকার প্রতি তার উচ্ছাসের কমতি নেই।

নিজের অনুভূতি প্রকাশ করে খাঁটি বাংলায় বলেন, “ঢাকা আমার খুব প্রিয় শহর। বাংলাদেশের সঙ্গে আমাদের পরিবারের নাড়ির টান। ইতিহাস-রাজনীতি আমাদের ভাগ করে দিলেও মনের টান কমেনি। আমাদের ভাষা ও শিল্প এক ও অভিন্ন। তাই এ দেশে এলেই নাড়ির টান অনুভব করি।”

দুই দেশের মধ্যে সংস্কৃতির আদানপ্রদানের ক্ষেত্রে চলচ্চিত্রকেই প্রাধান্য দিলেন তিনি।

তিনি বলেন, “চলচ্চিত্র কর্মী হিসেবে আমার আশা দুই দেশের মধ্যে আরো সাংস্কৃতিক বিনিময় হোক, যৌথ চলচ্চিত্র নির্মিত হোক। কাঁটাতারের বাধা যেন আদানপ্রদানের প্রতিবন্ধকতা না হয়।”

শর্মিলা ঠাকুর মঞ্চে আসার আগে তার অভিনীত বিভিন্ন চলচ্চিত্রের গানের সঙ্গে পারফর্ম করেন অভিনেত্রী নাদিয়া, তারিন ও চাঁদনী।

তারপর মঞ্চে আসেন ভারতীয় সংগীত পরিচালক জিৎ। বাংলা ও হিন্দি সিনেমার জনপ্রিয় কয়েকটি গান শোনান তিনি। তার সঙ্গে কণ্ঠ মেলান ভারতের কণ্ঠশিল্পী দোয়েল গোস্বামী।

শর্মিলা ঠাকুরের জন্ম ১৯৪৬ সালের ৮ ডিসেম্বর ভারতের হায়দ্রাবাদে। বাবা গীতিন্দ্রনাথ ঠাকুর ছিলেন জোড়াসাঁকোর বিখ্যাত ঠাকুর পরিবারের সন্তান,গুণেন্দ্রনাথ ঠাকুরের বংশধর এবং অবনীন্দ্রনাথ ঠাকুর ও রবীন্দ্রনাথ ঠাকুরের আত্মীয়। মা ইরা বড়ুয়া ছিলেন আসামের বিখ্যাত লেখক জ্ঞানদাভিরাম বড়ুয়ার কন্যা।

অভিনয় আর গ্ল্যামারের মিশেলে ষাটের দশক থেকে বলিউড মাত করে আসছেন শর্মিলা ঠাকুর। বাংলা আর হিন্দি- দুই ভাষার চলচ্চিত্রেই তিনি সফল।

সত্যজিৎ রায়ের ‘অপুর সংসার’ দিয়ে চলচ্চিত্র ভুবনে পদার্পন ১৯৫৯ সালে, ঠিক পরেই ‘দেবী’-তে নিজের জাত চেনানো শর্মিলা ঠাকুর একে একে অভিনয় করেন ‘শেষ অঙ্ক’, ‘নির্জন সৈকতে’, ‘ছায়া সূর্য’, ‘অরণ্যের দিনরাত্রি’, ‘সীমাবদ্ধ’, ‘প্রতিদান’, ‘শুভ মহরত’- এর মতো আলোচিত সব বাংলা চলচ্চিত্রে।

১৯৬৪ সালে পরিচালক শক্তি সামন্তর ‘কাশ্মির কি কলি’ সিনেমার মাধ্যমে তিনি হিন্দি সিনেমার জগতে প্রবেশ করেন। একে একে অভিনয় করেন ‘ওয়াক্ত’, ‘অনুপমা’, ‘দেবর’, ‘শাওয়ান কি ঘাটা’, ‘অ্যান ইভিনিং ইন প্যারিস’, হামসায়া’, ‘সত্যকাম’, ‘তালাশ’, ‘সফর’- এ।

১৯৬৯ সালে ক্যারিয়ারের মধ্যগগনে ভারতীয় ক্রিকেট টিমের অধিনায়ক মনসুর আলি খান পতৌদি ও শর্মিলা ঠাকুর বিয়ের পিঁড়িতে বসেন। বিয়ের জন্য ধর্ম পরিবর্তন করে মুসলমান হতে হয় তাকে। নাম গ্রহণ করেন বেগম আয়শা সুলতানা। এই দম্পতির তিন সন্তান। ছেলে সাইফ আলি খান বলিউডের প্রতিষ্ঠিত নায়ক। মেয়ে সোহা আলি খানও অভিনেত্রী। আরেক মেয়ে সাবাহ আলি খান জুয়েলারির ডিজাইনার। তার পুত্রবধূ অভিনেত্রী কারিনা কাপুর ও জামাতা অভিনেতা কুনাল খেমু।

রাজেশ খান্নার বিপরীতে ‘সফর’, ‘অমর প্রেম’, ‘রাজারানি’, ‘দাগ’, শশী কাপুরের বিপরীতে ‘আ গালে লাগ যা’, দিলিপ কুমারের বিপরীতে ‘দাস্তান’দারুণ ব্যবসাসফল হয়।

১৯৭৫ সালে মুক্তি পাওয়া গুলজার পরিচালিত ‘মওসাম’ ছবিতে মা ও মেয়ের দ্বৈত ভূমিকায় অসামান্য অভিনয় করে সেরা অভিনেত্রী হিসেবে ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কার ঘরে তোলেন শর্মিলা ঠাকুর।

১৯৭৭ সালে শক্তি সামন্ত নির্মাণ করেন ‘অমানুষ’ ও ‘আনন্দ আশ্রম’ নামে দুটি দ্বিভাষিক ছবি। দুটি ছবিতেই প্রধান চরিত্রে ছিলেন উত্তম কুমার ও শর্মিলা ঠাকুর। দুটি ছবিই বাণিজ্যিকভাবে সফল হয়। বাংলাদেশ-ভারত-পাকিস্তানের যৌথ প্রযোজনার ছবি ‘গেহরি চোট’(বাংলা নাম ‘দূরদেশ’) মুক্তি পায় ১৯৮৩ সালে। এ ছবিতে শর্মিলা-শশী কাপুর জুটি অভিনয় করেছিলেন।

২০০৩ সালে গৌতম ঘোষ পরিচালিত ‘আবার অরণ্যে’ ছবিতে অভিনয়ের জন্য পার্শ্ব-চরিত্রে সেরা অভিনেত্রীর জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান তিনি। ছবিটি ছিল সত্যজিতের ‘অরণ্যের দিনরাত্রি’ছবিটির সিকুয়াল।

শর্মিলা ঠাকুর ২০১৩ সালে ভারতের রাষ্ট্রীয় সম্মাননা পদ্মভূষণ লাভ করেন। তিনি ভারতের চলচ্চিত্র সেন্সর বোর্ডের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি কান চলচ্চিত্র উৎসবে জুরি বোর্ডের সদস্যও ছিলেন। বর্তমানে ইউনিসেফের শুভেচ্ছা দূত হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি। ২০১১ সালে স্বামী মনসুর আলি খান পতৌদির মৃত্যুর পর তার স্মৃতি রক্ষার্থে সমাজসেবামূলক বিভিন্ন কাজ করছেন।