নিরাপত্তার কারণে জনবিচ্ছিন্ন হতে চাই না: প্রধানমন্ত্রী
কঠোর নিরাপত্তার ঘেরাটোপের কারণে জনবিচ্ছিন্ন হতে চান না প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এ দিকে বিশেষ দৃষ্টি দিতে তার নিরাপত্তার দায়িত্বে থাকা স্পেশাল সিকিউরিটি ফোর্সের (এসএসএফ) সদস্যদের প্রতি আহ্বান জানিয়েছেন সরকার প্রধান।
শনিবার প্রধানমন্ত্রী তার কার্যালয়ে এসএসএফের ৩১তম প্রতিষ্ঠা বার্ষিকীর দরবারে তিনি বলেন, “মানুষকে নিয়েই কাজ, মানুষের কাছ থেকে যেন বিছিন্ন না হয়ে যাই, সেদিকটাতে একটু বিশেষভাবে দৃষ্টি দিতে হবে।”
জনগণকে সাথে নিয়ে রাজনীতি- মন্তব্য করে শেখ হাসিনা বলেন, “আমাদেরকে যদি জনগণ থেকে আলাদা করে ফেলা হয়..ওই যে বলে না জলের মাছ যদি ডাঙায় ফেলা হয়, মাছ যেমন দাপিয়ে দাপিয়ে মরে যায় আমাদের অবস্থা সে রকম হবে।
১৯৭৫ সালে স্বপরিবারে বঙ্গবন্ধুকে হত্যা করার পর মানুষের জন্য কাজ করার লক্ষ্য নিয়ে ১৯৮১ সালে দেশে ফিরে এসে বার বার প্রতিকূল অবস্থা মোকাবেলা করার কথা উল্লেখ করেন তিনি।
হত্যার জন্য নিজের ওপর বার বার আঘাত আসার কথাও তুলে ধরেন শেখ হাসিনা।
তবে নিজের জন্য তিনি কখনো চিন্তা করেন না বলে জানান প্রধানমন্ত্রী।
শেখ হাসিনা বলেন, তিনি প্রতিদিন দেশবাসী, নিজের সন্তান ও তার সঙ্গে যারা থাকে, বিশেষ করে নিরাপত্তার দায়িত্বে, তাদের জন্য দোয়া করেন।
বিভিন্ন দেশের সরকার ও রাষ্ট্রপ্রধান; যারা বাংলাদেশ সফরে আসেন তাদের কাছে এসএসএফ সদস্যদের প্রশংসা শুনে নিজের গর্বের কথা জানিয়ে বাহিনীর সদস্যদের ধন্যবাদ জানান তিনি।
দরবারে স্বাগত বক্তব্য রাখেন এসএসএফের মহাপরিচালক মেজর জেনারেল সফিকুর রহমান।
উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর নিরাপত্তা উপদেষ্টা তারিক আহমেদ সিদ্দিক, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব কামাল আবদুল নাসের চৌধুরী, প্রেস সচিব ইহসানুল করিম প্রমুখ।
