নিম্ন মধ্যাঞ্চলেও বন্যার বিস্তার
দেশের উত্তর, উত্তর-পূর্বাঞ্চল ও মধ্যাঞ্চল ছাড়িয়ে গঙ্গা-পদ্মা অববাহিকার পানি বাড়তে থাকায় নিম্ন-মধ্যাঞ্চলেও বন্যার বিস্তার ঘটেছে।
পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র বলছে, উত্তরে বন্য পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে, অবনতি হচ্ছে মধ্যাঞ্চলের পরিস্থিতির।
টানা দুই সপ্তাহের ভারি বর্ষণ ও উজানের ঢলে ইতোমধ্যে দেশের ১৩ জেলার অন্তত ৫২ উপজেলার বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে। এসব এলাকায় প্রায় ৭ লাখ মানুষ এখন পানিবন্দি।
শুক্রবার দেশের নদনদীগুলোর পানির উচ্চতা বিশ্লেষণ করে দেখা যায়, বহ্মপুত্র-যমুনা অববাহিকার নদ-নদীগুলো এবং সুরমায় পানির উচ্চতা স্থিতিশীল থাকায় বিদ্যমান বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে। অন্যদিতেক গঙ্গা-পদ্মা অববাহিকা ও কুশিয়ারা নদীতে পানি বাড়ছে।
যমুনার সঙ্গে গঙ্গা-পদ্মার পানি বাড়ায় এখন দেশের নিম্ন মধ্যাঞ্চলের জেলাগুলো প্লাবিত হচ্ছে। বিশেষ করে আরিচা-গোয়ালন্দ-ভাগ্যকূলের পানি বিপদসীমার উপরে বা তার কাছাকাছি থাকায় রাজবাড়ী, মানিকগঞ্জ, মুন্সিগঞ্জের কিছু এলাকাসহ ফরিদপুর-মাদারীপুরের দিকে শঙ্কা বাড়ছে বলে জানান তিনি।
বহ্মপুত্র-যমুনা অবাহিকায় কুড়িগ্রাম, গাইবান্ধা, জামালপুর, সিরাজগঞ্জ, টাঙ্গাইলে পানি শুক্রবারও বিপদসীমার উপরে রয়েছে।
তিস্তায় নীলফামারী, সুরমা-কুশিয়ারা-সোমেশ্বরীর পানিতে নেত্রকোণা, সুনামগঞ্জ, সিলেট, শেরপুরের অনেক এলাকা প্লাবিত হয়েছে।
তিতাস ও খোয়াই নদীর প্রভাবে হবিগঞ্জ ও ব্রাহ্মণবাড়িয়ার নিম্নাঞ্চল ঝুঁকিতে রয়েছে। কপোতাক্ষ নদ যশোরের ঝিকরগাছায় বেইছে বিপদসীমার উপর দিয়ে।
আমাদের কুড়িগ্রাম প্রতিনিধি আহসান হাবীব নীলু জানান, পানি সামান্য কমলেও ধরলা ও ব্রহ্মপুত্রের পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হওয়ায় কুড়িগ্রামের সার্বিক বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে।
টানা নয় দিন ধরে পানিবন্দি থাকা এ জেলার দুর্গত মানুষকে মানবেতর জীবন কাটাতে হচ্ছে। ত্রাণ বিতরণে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও মেম্বারদের বিরুদ্ধে কারচুপির অভিযোগ তুলছেন অনেকে।
বিশেষ করে সদর উপজেলার কামারজানি ইউনিয়নের গো-ঘাট, ফুলছড়ির কুচখালি, হারোডাঙ্গা, কাবিলপুর এলাকার ভাঙ্গন পরিস্থিতি সবচেয়ে খারাপ।
পানির তীব্র স্রোতের কারণে ফুলছড়ি উপজেলার সিংড়িয়া বন্যা নিয়ন্ত্রণ বাঁধও চরম হুমকির মুখে রয়েছে বলে পানি উন্নয়ন বোর্ডের স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন।
ফরিদপুর প্রতিনিধি মফিজুর রহমান শিপন জানান, পদ্মাসহ জেলার বিভিন্ন নদ-নদীর পানি বিপৎসীমার ওপরে থাকায় সদর উপজেলা, চরভদ্রাসন, সদরপুর ও আলফাডাঙ্গা উপজেলার বেশ কয়েকটি ইউনিয়নের নিম্নাঞ্চলে পানি ঢুকতে শুরু করেছে।
সদর উপজেলার নর্থ-চ্যানেল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোস্তাকুর রহমান বলেন, “এবার পদ্মার পানি যেভাবে দ্রুতগতিতে বাড়ছে তাতে দুই-এক দিনের মধ্যে আমার ইউনিয়নের অধিকাংশ এলাকা তলিয়ে যেতে পারে।”
বন্যা পরিস্থিতি সরেজমিনে পরিদর্শনে সাত জেলায় গেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন সাত কর্মকর্তা।
পাশাপাশি রোববারের মধ্যে আরও ১১ জেলায় প্রস্তুতিমূলক সভা করতে কর্মকর্তারা মাঠ পর্যায়ে যাচ্ছেন।
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপ সচিব সুলতানা সাঈদা জানান, বগুড়া, জামালপুর, কুড়িগ্রাম, গাইবান্ধা, লালমনিরহাট, নীলফামারী ও সিরাজগঞ্জে বুধবারই পৌঁছে গেছেন অতিরিক্ত সচিব পদমর্যাদার সাত কর্মকর্তা।
বন্যা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত সুষ্ঠু ত্রাণ বিতরণ, পর্যবেক্ষণ প্রতিবেদন, পরবর্তী করণীয় ও গৃহীত ব্যবস্থা মন্ত্রণালয়কে অবহিত করবেন তারা।
এছাড়া মুন্সিগঞ্জ, নেত্রকোণা, টাঙ্গাইল, ফরিদপুর, ভোলা, রাজবাড়ী, শরীয়তপুর, শেরপুর, মাদারীপুর, চাঁদপুর ও মানিকগঞ্জ জেলায় গিয়ে সংশ্লিষ্ট কর্মকর্তারা রোববারের মধ্যে প্রস্তুতিমূলক সভা করবেন।
রোববারের মধ্যে বৃষ্টিপাতের প্রবণতা ধীরে ধীরে কমে আসতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড হয়েছে সিলেটে, ৫৯ মিলিমিটার।
শনিবারের পূর্বাভাসে বলা হয়েছে- খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাজহী, রংপুর, ঢাকা ও ময়মনসিংহ বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি বর্ষণ হতে পারে।
বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের উপ-বিভাগীয় প্রকৌশলী সরকার উদয় রায়হান জানান, শুক্রবার সকাল ৯টা পর্যন্ত ২৪ ঘণ্টায় পাউবোর ৯০টি পানি পর্যবেক্ষণ স্টেশনের মধ্যে ৫৪টি পয়েন্টে পানি বেড়েছে। এর মধ্যে ১৬টি পয়েন্টে পানি বিপদসীমার উপরে বয়ে যাচ্ছে।
উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলের বন্যা পরিস্থিতির উন্নতি হতে পারে রোববার থেকে। এ ধারা অব্যাহত থাকলে আগামী সপ্তাহের শেষ দিকে প্লাবিত এলাকার পানি নেমে যেতে পারে।
