সিরিসেনার সঙ্গে স্পিকার ও বিরোধী দলীয় নেতার সাক্ষাৎ
সফররত শ্রীলঙ্কার প্রেসিডেন্ট মাইথ্রিপালা সিরিসেনার সঙ্গে দেখা করেছেন জাতীয় সংসদের স্পীকার ও বিরোধী দলীয় নেতা।
শুক্রবার রাজধানীর হোটেল সোনারগাঁয়ে গিয়ে তার সঙ্গে সঙ্গে সাক্ষাৎ করেন স্পিকার শিরীন শারমিন চৌধুরী ও জাতীয় পার্টির পার্টির জ্যেষ্ঠ কো-চেয়ারম্যান রওশন এরশাদ।
সংসদ সচিবালয়ের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, দুই দেশের সংসদীয় প্রক্রিয়া, আসন্ন ৬৩তম কমনওয়েলথ পার্লামেন্টারি অ্যাসোসিয়েশন (সিপিএ) সম্মেলন, বাংলাদেশে অনুষ্ঠিত ১৩৬তম ইন্টার পার্লামেন্টারি ইউনিয়ন(আইপিইউ) এসেম্বলি,সংসদীয় মৈত্রী গ্রুপও দুই দেশের স্বার্থসংশ্লিষ্টবিষয়ে স্পিকার ও শ্রীলঙ্কার প্রেসিডেন্টের মধ্যে আলোচনা হয়েছে।
বর্তমান সংসদে বাংলাদেশ-শ্রীলঙ্কা সংসদীয় মৈত্রী গ্রুপ গঠনের বিষয়টি উল্লেখ করে স্পিকার বলেন, এর ফলে দুদেশের সংসদ সদস্যরা একসাথে কাজ করার সুযোগ পাবেন; দুদেশের অর্থনৈতিক ও সাংস্কৃতিক সম্পর্ক আরও সুদৃঢ় হবে।
ছবি: পিআইডি
এদিকে বিরোধী দলীয় নেতার কার্যালয়ের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, হোটেল সোনারগাঁয়ের সুরমা হলে শ্রীলঙ্কার প্রেসিডেন্টের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন রওশন এরশাদ।
বাংলাদেশ-শ্রীলঙ্কার সম্পর্ক আরো গভীর ও সুসংহত করতে বাংলাদেশের আগ্রহের কথা জানান তুলে ধরেন সংসদে বিরোধীদলীয় নেতা।
বিরোধীদলীয় চিফ হুইপ তাজুল ইসলাম চৌধুরী, বিরোধীদলীয় হুইপ সেলিম উদ্দিন এমপি, রওশন আরা মান্নান ও শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রী রভী করুনা নায়েক এসময় উপস্থিত ছিলেন।
